আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন। ব্রিটিশ রাষ্ট্রদূত আরও বলেন, ১০ বছর আগেও দুর্নীতি পরিস্থিতি অপেক্ষাকৃত খারাপ ছিল। কিন্তু সরকার আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এতে পরিস্থিতির উন্নতি হয়েছে। ‘আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সক্ষমতা বৃদ্ধি’বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানে গতকাল সোমবার তিনি এসব কথা বলেন। বারিধারার ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ অনুষ্ঠান হয়। ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, প্রত্যেক দেশের সরকারের উচিত জনগণের অর্থব্যয়ে স্বচ্ছতা আনা। বাংলাদেশে এ বিষয়টি পর্যবেক্ষণে রাখার জন্য স্বাধীন ‘ওয়াচডগ’ কাজ করছে। এক প্রশ্নের জবাবে গিবসন জানান, দাতাদের অর্থ দ্রুত ছাড় হচ্ছে না—এ অভিযোগ সঠিক নয়। গত কয়েক বছরে যুক্তরাজ্য বাংলাদেশকে দ্বিগুণ সহায়তা দিয়েছে। আলোচিত সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি মনে করেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন। এখন সবাইকে এ কাজে সহায়তা করা উচিত। সনদ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ঢাকায় অ্যাসোসিয়েটড প্রেসের (এপি) ব্যুরো প্রধান ফরিদ হোসেন প্রমুখ। যুক্তরাজ্যের অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে এমআরডিআই। এতে বিভিন্ন গণমাধ্যমের ২০ জন প্রতিবেদক অংশ নেন।