আর্থিক খাতের প্রভাবে শেয়ারবাজার চাঙা
দেশের শেয়ারবাজারের মূল্যসূচক এক পয়েন্ট বাড়লেও তা এখন একটি রেকর্ড। এই বিবেচনায় গতকাল বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বাড়ার রেকর্ড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১১৫ পয়েন্ট বেড়ে আট হাজার ৮৩৮ পয়েন্ট ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ২৬২ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৭৬ পয়েন্ট হয়েছে।এর আগে স্টক এক্সচেঞ্জ দুটির কোনো সূচকই এই পর্যায়ে ওঠেনি। শুধু তাই নয়, গতকাল দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণও অনেক বেড়েছে। ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে তিন হাজার ১৮০ কোটি টাকা। এটি স্টক এক্সচেঞ্জটির দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ৩১ অক্টোবর ডিএসইতে তিন হাজার ২০৮ কোটি টাকার সর্বোচ্চ লেনদেনটি হয়। সিএসইতে গতকাল ৩১৪ কোটি টাকার লেনদেন হয়েছে।বাজার বিশেষজ্ঞরা বলছেন, গতকালের বাজারে সূচক ও লেনদেন বাড়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে অপেক্ষাকৃত মজবুত মৌলভিত্তির কোম্পানিগুলো। এ ব্যাপারে বেশি এগিয়ে ছিল ব্যাংক, বিমা ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তথা আর্থিক খাত।বাজার পর্যালোচনায়ও এই চিত্র ফুটে উঠেছে। গতকাল ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির প্রথম পাঁচটিই ব্যাংকিং খাতের। অন্য দিকে মূল্য বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের প্রথম তিনটিই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান। বিশ্লেষকদের মতে, সদস্য মার্জিন বা লেনদেনের বিপরীতে ব্রোকারেজ হাউসগুলোর নিরাপত্তা জামানতসংক্রান্ত জটিলতায় অনেক বিনিয়োগকারী সংশয়ে ছিলেন। এ কারণে সপ্তাহের প্রথম ভাগে শেয়ারবাজার ছিল কিছুটা পতনমুখী। কিন্তু গত বুধবার নিয়ন্ত্রক সংস্থা সদস্য মার্জিন বাড়ানোর কার্যকারিতা এক মাস পেছানোর ঘোষণা দেওয়ার পর বাজার আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, গতকাল বিমা খাতের ৪৪টি কোম্পানির মধ্যে ৪২টির দাম বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠানের ২১টির মধ্যে ১৯টির ও ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে ২১টি প্রতিষ্ঠানের দাম বাড়ে।তবে অন্যান্য খাতে দেখা গেছে মিশ্র অবস্থা। সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে তিনটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে একটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে আটটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে তিনটির, তথ্যপ্রযুক্তি খাতের পাঁচটির মধ্যে দুটির, মিউচুয়াল ফান্ড খাতের ২১টির মধ্যে ছয়টির, ওষুধ খাতের ১৯টির মধ্যে পাঁচটির ও বস্ত্র খাতের ২২টির মধ্যে চারটির দাম বেড়েছে। আর টেলিযোগাযোগ খাতের একমাত্র কোম্পানি গ্রামীণফোনের শেয়ারের দাম ৯০ পয়সা কমেছে।