আর্থিক প্রতিবেদন, লেনদেন খতিয়ে দেখতে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারের আর্থিক প্রতিবেদন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এ-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল সোমবার দুই সদস্যের এই কমিটি গঠন করেছে। সংস্থাটির পরিচালক আবুল কালাম ও শেখ মাহবুবুর রহমানের সমন্বয়ে গঠিত কমিটিকে ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, কোম্পানিটির সর্বশেষ আর্থিক বছর ও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, এ-সংক্রান্ত ডিএসইর প্রতিবেদন ও সাম্প্রতিক সময়ে বাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন-সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবে এই কমিটি।সম্প্রতি ইউনাইটেড এয়ার তাদের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখিয়েছে ৮১ পয়সা। কিন্তু ডিএসই বলছে, কোম্পানিটি দেশীয় ও আন্তর্জাতিক হিসাবমান বজায় রেখে আর্থিক প্রতিবেদন তৈরি করলে ইপিএস দাঁড়ায় ঋণাত্মক দুই টাকা ১৯ পয়সা। এ অবস্থায় এসইসি বিষয়টি তদন্তে জরুরি ভিত্তিতে দুই সদস্যের কমিটি গঠন করেছে।এদিকে, ইউনাইটেড এয়ারের শেয়ারের দাম বাড়াতে কারসাজির ঘটনা ঘটেছে। গতকাল প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়।