আর্থিক প্রতিবেদন আইন নিয়ে শঙ্কা

প্রস্তাবিত আর্থিক প্রতিবেদন আইনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে এটি দেশের হিসাব পেশার মানকে ধ্বংস করবে বলে অভিমত প্রকাশ করেছেন অনেক সনদপ্রাপ্ত হিসাববিদ (সিএ)।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তাঁরা আরও বলেছেন, এই আইনের মাধ্যমে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) গঠিত হলে তাও পরিণত হবে একটি খোঁড়া প্রতিষ্ঠানে। কারণ, কাউন্সিলের সদস্য হিসেবে যাঁদের রাখা হচ্ছে তাঁদের অনেকেরই হিসাববিজ্ঞানের শিক্ষা নেই।
কিন্তু কোনো কোনো হিসাববিদ এসব আশঙ্কার সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, বর্তমান আইসিএবির জবাবদিহি নেই। হিসাববিদদের কর্মকাণ্ডের জন্য আদতেই জবাবদিহির একটি সংস্থা থাকা দরকার। কারণ, স্বনিয়ন্ত্রণ অনেক দেশেই পুরোপুরি কাজ করেনি।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ‘প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৩: সাংঘর্ষিক ও অপ্রয়োজনীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব অভিমত উঠে আসে।
আইসিএবির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানির চেয়ারম্যান মতিউল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মজিদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক রঞ্জনেস হালদার, বিডি ভেনচারের ভাইস চেয়ারম্যান মামুন রশীদ, হিসাববিদ ফেরদৌস আহমেদ খান প্রমুখ।
হুমায়ুন কবীর বলেন, আইসিএবির মতো একটি দক্ষ প্রতিষ্ঠান থাকতে নতুন করে এফআরসি গঠনের দরকার নেই। এফআরসি হয়ে যাবে আইসিএবির সমান্তরাল সংস্থা। এতে হিসাব ও নিরীক্ষা পেশা নিয়ন্ত্রণে দ্বৈততা ও সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হবে।
ফেরদৌস আহমেদ খান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে হিসাববিদ ও নিরীক্ষকদের নানা নেতিবাচক কর্মকাণ্ড ধরা পড়েছে। বাংলাদেশেও প্রশ্ন উঠেছে। আর জবাবদিহিটা সে কারণেই অনেক জরুরি। তিনি বলেন, ‘দেশের নিরীক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানেরও নয়। এর পরিবর্তন দরকার। ভয় পাওয়ার কোনো কারণ দেখছি না।’
টিআইবির পরিচালক রঞ্জনেস হালদার বলেন, এফআরসির সদস্যদের যে হিসাববিজ্ঞান বুঝতে হবে, এমন কোনো কথা নেই। নীতিগতভাবে বুঝলেই হলো। জবাবদিহির আওতায় আনতে দরকার মূলত একটা মান তৈরি করা।’