সাম্প্রতিককালে বিভিন্ন আর্থিক অনিয়মের ঘটনায় দেশের হিসাব ও নিরীক্ষা কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়ানোর ওপর চাপ তৈরি হয়েছে। এ জন্য আর্থিক প্রতিবেদন প্রণয়ন ও নিরীক্ষা কার্যক্রমের মধ্যে সমন্বয় দরকার। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করে আর্থিক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সম্ভব। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা কার্যক্রমের সমন্বয় সাধন: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যায় আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ।এতে বক্তব্য দেন প্রতিরক্ষা অর্থায়নের কম্পট্রোলার জেনারেল মোতাহার হোসেন, আইসিএবির সভাপতি আবদুস সালাম চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন আইআইডিএফসির চেয়ারম্যান এম মতিউল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করেন আইসিএবির সাবেক সভাপতি আনোয়ার উদ্দিন চৌধুরী। এস এ সামাদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বাংলাদেশের অর্থনীতিকে ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা কার্যক্রমের মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। আর এটির উদ্দেশ্য হচ্ছে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মান অর্জন করা। আনোয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিভিন্ন আর্থিক চলক নিয়ন্ত্রণ ও উন্নয়নের প্রবৃদ্ধি সচল রাখতে আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা কার্যক্রমের মধ্যে সমন্বয় করতে হবে।