আর্থিক প্রতিবেদন কাউন্সিলের কাঠামো বদলে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের বেশির ভাগ প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন করেছিল সনদপ্রাপ্ত হিসাববিদ (সিএ) ফার্ম খান আইয়ুব অ্যান্ড কোং। ১০ বছর আগে ওরিয়েন্টাল ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন করেছিল আরেক সিএ ফার্ম মসিহ্মুহিত হক অ্যান্ড কোং। বেসিক ব্যাংকের নিরীক্ষা করেছিল সাইফুল সামসুল আলম অ্যান্ড কোং ও আজিজ হালিম খায়ের চৌধুরী।
জনগণের চার হাজার কোটি টাকা আত্মসাৎ ও টাকা পাচারের দায়ে মামলা রয়েছে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে। সাড়ে ৫০০ কোটি টাকা দুর্নীতির দায়ে ওরিয়েন্টাল ব্যাংক শেষ পর্যন্ত বিক্রিই হয়ে গেল বিদেশিদের কাছে। বেসিক ব্যাংক থেকে আত্মসাৎ হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা।
এসব অর্থ আত্মসাতের ক্ষেত্রে সিএ ফার্মগুলোর কোনো ভূমিকা নেই। তবে আর্থিক অনিয়মের বিষয়গুলো তারা কতটা চিহ্নিত করতে সক্ষম হয়েছিল, তা নিয়ে কিছুটা প্রশ্ন রয়ে গেছে। এসবসহ বিভিন্ন কারণে দেশের হিসাবরক্ষণ ও হিসাব নিরীক্ষা পেশার সার্বিক মান নিয়ে সন্তুষ্ট নয় সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের কাছে প্রায়ই বলে থাকেন, সিএদের অনেক নিরীক্ষা প্রতিবেদনেই বাস্তবতার সঙ্গে মিল থাকে না। স্টক এক্সচেঞ্জগুলোরও নানা আপত্তি রয়েছে কোনো কোনো সিএ ফার্মের বিষয়ে।
গত শনিবার জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সিএ ফার্ম অক্টোখানের ব্যবস্থাপনা অংশীদার ফেরদৌস আহমেদ খান গতকাল রোববার ইংল্যান্ড থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যথাযথ নিরীক্ষা প্রতিবেদন ডেসটিনি, হল-মার্ক, বেসিক ব্যাংকের অনিয়ম-দুর্নীতি, এমনকি শেয়ারবাজারের দুর্নীতিও রোধ করবে। কিন্তু নিরীক্ষা প্রতিবেদন কতটা যথাযথ, বর্তমানে তা দেখার তেমন কেউ নেই। থাকলে হল-মার্ক, ডেসটিনির মতো কেলেঙ্কারি তৈরি হতে পারত না। আর সে কারণেই জরুরি হয়ে পড়েছে আর্থিক প্রতিবেদন কাউন্সিল (এফআরসি) গঠন।
জানা গেছে, ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত দক্ষিণ এশীয় হিসাবরক্ষক ফেডারেশনের (সাফা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসাব নিরীক্ষার মান উন্নয়নে একটি কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছিলেন। ১৬ বছর পর সেটি বাস্তব রূপ নিতে যাচ্ছে।
মন্ত্রিসভায় গত বছরের আগস্টে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে আর্থিক প্রতিবেদন আইন বা ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের (এফআরএ) খসড়া। এই আইনের আওতায় গঠিত হবে এফআরসি। যে সংস্থা নিরীক্ষা প্রতিবেদনের মান বিচার-বিশ্লেষণ করবে এবং বানিয়ে দেখানো নিরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এফআরসির কাঠামো বদলে যাচ্ছে:
এই অনুমোদনের আগে ও পরে বহুবার বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস (আইসিএবি) সংবাদ সম্মেলন করে ও সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে বোঝানোর চেষ্টা করেছে, এফআরএ করা একটি অপ্রয়োজনীয় পদক্ষেপ। এফআরসি গঠনেরও দরকার নেই। আইসিএবির সঙ্গে এফআরসির কর্মকাণ্ড সাংঘর্ষিক হবে। সরকার বরং আইসিএবিকে শক্তিশালী করতে পারে। কিন্তু অর্থমন্ত্রী এসব যুক্তিকে আমলে নেননি।
জানা গেছে, প্রায় এক বছর আগে অনুমোদিত হলেও আইসিএবি সব সময়ই সক্রিয় ছিল এফআরএ না হওয়ার ব্যাপারে। কিন্তু এরই মধ্যে প্রস্তাবিত কাউন্সিলের কাঠামো বদলে গেছে। গত মার্চে খসড়ায় কিছুটা পরিবর্তন এনে আইন মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য নতুন খসড়া পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। অনুমোদিত খসড়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে এফআরসি গঠনের কথা বলা হলেও সেটি আর থাকছে না। এফআরসির সদস্য হিসেবে থাকছেন না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তিন চেয়ারম্যান।
১৩ সদস্যের এফআরসির নতুন কাঠামো অনুযায়ী এফআরসির প্রধান হবেন একজন চেয়ারম্যান, সদস্য থাকবেন চারজন। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের দুজন এবং বাণিজ্য ও আইন মন্ত্রণালয় থেকে একজন করে সদস্য, একজন সিএ, একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট (সিএমএ) এবং দুজন স্বাধীন সিএ থাকবেন।
যোগাযোগ করলে বিএসইসির সদস্য আরিফ খান প্রথম আলোকে বলেন, এই পরিবর্তনের কথা তাঁরা জানেন না। তিনি মনে করেন, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য এফআরসির দরকার। নামকাওয়াস্তে এফআরসি হলে একটি সংস্থা ঠিকই গঠিত হবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মন্ত্রিসভায় অনুমোদনের পর এফআরএর কোনো পরিবর্তনে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও আইডিআরএর মতো সংস্থার মতামত নেওয়ার দরকার মনে করেন তিনি।
অর্থসচিব মাহবুব আহমেদ নতুন অর্থসচিব হয়েছেন। পুরো বিষয়টি তাঁর জানা নেই বলে এ বিষয়ে মন্তব্য করতে চাননি। বিষয়টির সঙ্গে শুরু থেকে যুক্ত দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব এখলাছুর রহমানও মন্তব্য দানে বিরত থাকেন।

এফআরসিতে আইসিএমএবি প্রসঙ্গ:
প্রস্তাবিত এফআরসির সদস্য হিসেবে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশকে (আইসিএমএবি) কিছুতেই মানতে রাজি নয় আইসিএবি। দুই সপ্তাহ আগে আইসিএবি অর্থমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করে অন্য অনেক দাবির সঙ্গে এই দাবিটিও করে এসেছে যে এফআরসিতে আইসিএমএবিকে রাখা যাবে না।
আইসিএবি হলো সনদধারী হিসাববিদদের প্রতিষ্ঠান—যারা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের হিসাব নিরীক্ষা ও প্রত্যয়ন করে। আর আইসিএমএবি হলো ব্যয় ও ব্যবস্থাপনাসংক্রান্ত নিরীক্ষকদের প্রতিষ্ঠান।
আইসিএবির সভাপতি শওকত হোসেন স্বীকার করে প্রথম আলোকে বলেন, আইসিএমএবি এফআরসির সদস্য হতে পারে না। বিশ্বজুড়েই নিরীক্ষক মানে সিএ। নিরীক্ষকের যে সংজ্ঞা রয়েছে, তাতেও আইসিএমএবি পড়ে না।
এদিকে গত বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে আইসিএমএবি। প্রস্তাবিত এফআরসি থেকে আইসিএমএবিকে বাদ দেওয়ার পাঁয়তারা করছে বলে আইসিএবির বিরুদ্ধে তাদের অভিযোগ।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী সিএমএদের করদাতাদের আয়কর বিবরণী নিরীক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিলেন। কিন্তু আইসিএবির তীব্র বিরোধিতার মুখে তা আর অনুমোদন করা হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এফআরসিতে আইসিএমএবির সদস্যপদ থাকাটা এই কারণে জরুরি যে বানিয়ে দেখানো নিরীক্ষা প্রতিবেদনের ত্রুটি-বিচ্যুতিগুলো তারাই ধরতে পারবে। কারণ, আইসিএবি ও আইসিএমএবির পাঠ্যসূচি প্রায় একই।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ খান এ ব্যাপারে বলেন, এফআরসিতে আইসিএমএবি থাকল কি থাকল না, আইসিএবির সে ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই। বেশি দরকার হলো সিএ পেশাটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্মানজনক পেশা হিসেবে বজায় রাখতে আইসিএবি কতটা অঙ্গীকারবদ্ধ।
আইসিএমএবির সদ্য বিদায়ী সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘হীনস্বার্থে আইসিএবি এই বিরোধিতা করছে। সংস্থাটির মনে হয়তো এই বিষয়টি গেঁথে আছে যে আমরাই প্রথম এফআরসি গঠনের প্রস্তাব করেছিলাম।’ তিনি বলেন, এফআরসি গঠনের উদ্দেশ্যই হলো নিরপেক্ষভাবে নিরীক্ষিত হিসাব বিবরণী পর্যালোচনা করা। সিএরা হিসাব নিরীক্ষার কাজ করেন। এফআরসিতে শুধু তাঁরা থাকলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
বিশ্বজুড়েই নিরীক্ষক মানে সিএ—আইসিএবি সভাপতির এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে দেলোয়ার হোসেন জানান, বিদ্যমান কোম্পানি আইনের ২২০ ধারার ১৮১ উপধারায় সিএমএদের নিরীক্ষা করার অধিকার দেওয়া হয়েছে।
গত তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে এফআরএ অধ্যাদেশ জারি করলেও আওয়ামী সরকার ২০১০ সাল থেকে এটিকে নতুনভাবে প্রণয়নে হাত দেয়। সংসদের আগামী অধিবেশনে এফআরএর বিল উপস্থাপিত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


অর্থমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে অনেক নিরীক্ষা প্রতিবেদনেই বাস্তবতার সঙ্গে মিল থাকে না। এফআরসিতে আইসিএমএবি না থাকলে নিরীক্ষা প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে
 সংসদের আগামী অধিবেশনে উঠছে এফআরএ
 নামকাওয়াস্তে এফআরসি হলে একটি সংস্থা ঠিকই গঠিত হবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না
‘‘যথাযথ নিরীক্ষা প্রতিবেদন ডেসটিনি, হল-মার্ক, বেসিক ব্যাংকের মতো অনিয়ম-দুর্নীতি, এমনকি শেয়ারবাজারের দুর্নীতিও রোধ করবে
ফেরদৌস আহমেদ খান
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
সিএ ফার্ম অক্টোখানের ব্যবস্থাপনা অংশীদার