আর্থিক প্রতিবেদন প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার হিসাবরক্ষকদের বিশ্বাসযোগ্যতা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে আর্থিক প্রতিবেদন প্রণয়ন করার পরামর্শ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, একজন পেশাদার হিসাবরক্ষক কেবল একটি কোম্পানির আয়-ব্যয়ের চিত্রই প্রকাশ করেন না, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক বিনিয়োগকারীর ভবিষ্যৎ। গতকাল শনিবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘নিরীক্ষকদের পেশাগত নৈতিকতা ও স্বাধীনতা’বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আইসিএবির সভাপতি পারভীন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির পরিচালক সাব্বির আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইসিএবির সাবেক সভাপতি এ এস এম নাঈম সেশন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, অন্য পেশাজীবীদের চেয়ে হিসাবরক্ষকদের দায়িত্ব অনেক বেশি। কারণ, হিসাবরক্ষকদের প্রণীত প্রতিবেদনের ওপর অধিকসংখ্যক সাধারণ জনগণ নির্ভরশীল। তাদের প্রতিবেদন বিশ্বাস করেই সংশ্লিষ্ট কোম্পানিতে মানুষ বিনিয়োগ করে। সুতরাং পেশাদার হিসাবরক্ষকদের কাজ হবে আর্থিক প্রতিবেদন প্রণয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বস্ততা বজায় রাখা। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না করে সঠিক আর্থিক প্রতিবেদন প্রণয়ন করাই হবে পেশাদার হিসাবরক্ষকদের প্রধান কাজ। স্বাগত বক্তব্যে আইসিএবির সভাপতি পারভীন মাহমুদ বলেন, হিসাবরক্ষক ও নিরীক্ষকদের কাজ হলো প্রতিবেদন প্রণয়নে সর্বোচ্চ পর্যায়ে নৈতিকতা বজায় রাখা। বার্ষিক হিসাব প্রতিবেদনের তথ্যের ওপর আলোচনা করেই শেয়ারধারীরা কোনো কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। ফলে তাদের উচিত হবে, সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভুলে বার্ষিক প্রতিবেদনে সঠিক চিত্র তুলে ধরা।মূল প্রবন্ধ উপস্থাপনকালে সাব্বির আহমেদ বলেন, একজন হিসাবরক্ষকের প্রতিবেদন একটি দেশের পুুঁজিবাজারের পাশাপাশি রাজস্ব আদায়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তিনি পেশাদার হিসাবরক্ষকদের আর্থিক প্রতিবেদন প্রণয়নকালে সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব উপেক্ষা করে স্বচ্ছতা, গোপনীয়তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার আহ্বান জানান।