আর্থিক প্রতিবেদন যাচাইয়ে আইসিএবির সঙ্গে বিডার চুক্তি
দেশে বিনিয়োগ প্রকল্প অনুমোদনের সময় আবেদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক প্রতিবেদনের সঠিকতা যাচাই করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। কিন্তু অনেক প্রতিষ্ঠান ভুল তথ্যসংবলিত জাল আর্থিক প্রতিবেদন জমা দেয় বলে বিভিন্ন সময় অভিযোগ পেয়েছে বিডা। তাই প্রকল্প অনুমোদনে আরও স্বচ্ছতা আনতে আলাদাভাবে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) ব্যবহারসংক্রান্ত সমঝোতা চুক্তি সই করেছে বিডা। এই চুক্তির ফলে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য আইসিএবির ডিভিএস সুবিধা ব্যবহারের সুযোগ পাবে বিডা।
আইসিএবির সভাপতি মো. শাহাদাৎ হোসেন ও বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসুসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, এই চুক্তির মাধ্যমে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ক্রস ভেরিফিকেশনের সুযোগ তৈরি হলো। ফলে এখন থেকে বিনিয়োগ প্রকল্প অনুমোদনসহ বিদেশে বাণিজ্যিক কার্যালয় স্থাপন, প্রবাসী আয় ও বিদেশি ঋণ অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি আনতে ডিভিএস সুবিধা কার্যকর ভূমিকা রাখবে।
সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আমাদের মাধ্যমে যাঁরা বিনিয়োগ করছেন, তাঁদের আর্থিক প্রতিবেদনে যাতে স্বচ্ছতা রাখা যায় এবং সঠিক তথ্যের ভিত্তিতে আমরা সব সিদ্ধান্ত নিতে পারি, সে জন্য আইসিএবির সঙ্গে এই সমঝোতা করা হয়েছে।’
বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, ‘ডিভিএস সুবিধা ব্যবহার করে এখন আমরা নির্ভুল তথ্যের ভিত্তিতে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিতে পারব।’
ডিভিএস ব্যবহারে একাধিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তৈরির প্রবণতা দূর হবে বলে মনে করেন আইসিএবির সভাপতি মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ব্যবসায়িক গোষ্ঠী, নিরীক্ষক ও অংশীজন—সবাইকে সঠিকভাবে ডিভিএস ব্যবহার করতে হবে। তা না হলে এটি দিয়ে কাঙ্ক্ষিত সফলতা আসবে না। আর ডিভিএস ব্যবহারসংক্রান্ত যেকোনো সহযোগিতা দেবে আইসিএবি।
ডিভিএসের ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরে আইসিএবির কাউন্সিল সদস্য মোহাম্মদ ফোরকান উদ্দীন বলেন, ডিভিএস সরকারের রাজস্ব বাড়াতে সহায়তা করছে। এর সঠিক ব্যবহারে কর ও ভ্যাট ফাঁকি বন্ধ হবে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আসায় বিনিয়োগও বাড়বে।
প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন যাচাই করতে ২০২০ সালের ডিসেম্বর মাসে ডিভিএস প্রযুক্তি চালু করে আইসিএবি। কোনো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের নির্দিষ্ট তথ্য ডিভিএস সফটওয়্যারে দেওয়া হলে প্রতিবেদন যাচাই করে একটি ইউনিক কোড নম্বর দেওয়া হবে। পরবর্তীকালে এই কোড ব্যবহার করে যেকোনো প্রতিষ্ঠান ওই নিরীক্ষিত প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারবে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো ও জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের নিবন্ধক (আরজেএসসি) আইসিএবির ডিভিএস প্রযুক্তি ব্যবহার করছে।