আর্থিক প্রতিবেদনের মান নিয়ন্ত্রণে নজরদারির আইনি কাঠামো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করে। একটি প্রতিষ্ঠানের, বিশেষত বাণিজ্যিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, লাভ-লোকসানের চিত্র, কর্মকাণ্ডের চালচিত্র ইত্যাদি জানতে আর্থিক বিবরণী তথা প্রতিবেদনের ওপর নির্ভর করতে হয়। যাঁরা কোনো প্রতিষ্ঠানের বা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য যেমন এটা দরকার, তেমনি দরকার যাঁরা এই প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করতে চান, তাঁদেরও। সবচেয়ে বড় কথা হলো, সঠিক ও নির্ভুল হিসাব বিবরণীসহ আর্থিক প্রতিবেদন কোম্পানির প্রকৃত চিত্র তুলে ধরে।এসব কারণে আর্থিক প্রতিবেদন যেনতেনভাবে তৈরি করা যায় না। নির্দিষ্ট নিয়মনীতি মেনে ও মান অনুসরণ করে এটি করতে হয়। এ জন্য প্রথমে প্রয়োজন নিয়ম মেনে হিসাবরক্ষণের। আন্তর্জাতিক হিসাব মানের (ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আইএসএ) আলোকে তাই বাংলাদেশেও এখন অনুসৃত হচ্ছে বাংলাদেশ হিসাব মান (বিএসএ)। যাঁরা হিসাবরক্ষণ করছেন এবং যাঁরা তা যাচাই বা নিরীক্ষা করছেন, তাঁদের সবাইকেই এই মান অনুসরণ করতে হয়। হিসাব মান ঠিকমতো অনুসরণ করা না হলে নিরীক্ষার সময় তা ধরা পড়তে বাধ্য। এ জন্য নিরীক্ষার কাজটি যথেষ্ট সতর্কতা ও দক্ষতার সঙ্গে করতে হয়। যে কেউ এটা করতে পারেন না। সনদপ্রাপ্ত হিসাববিদেরা (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) এই কাজের যোগ্যতম। অনেক কাঠখড় পুড়িয়ে এই যোগ্যতা অর্জন করতে হয়।বাংলাদেশের অর্থনীতির পরিধি ক্রমাগত বাড়ছে। তেমনি বাড়ছে নানা অর্থনৈতিক কর্মকাণ্ড। বাড়ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতিযোগিতায় এগিয়ে থাকার স্বার্থে হিসাব সংরক্ষণে উন্নত মান বজায় রাখাটাও এখন প্রয়োজন হয়ে পড়েছে। মান বজায় রাখতে হলে চাই যথাযথ হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা। এমন তাগিদ থেকেই দেশে আর্থিক প্রতিবেদন আইন (ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট বা এফআরএ) প্রণয়নের কাজ চলছে। যদিও এ ধরনের আইন অনেকটা অগ্রসর পর্যায়ের।অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ইতিমধ্যে আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এর ওপর সংশ্লিষ্ট ব্যক্তিরা মতামতও দিয়েছেন। এসব মতামত নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের সভাপতিত্বে একটি বৈঠক হবে। বৈঠকে মতামতের গুরুত্ব অনুযায়ী কিছু ধারা সংযোজন-বিয়োজন হতে পারে। বৈঠকটির পরই খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর ভেটিংয়ের জন্য তা পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। তারপর উপস্থাপন করা হবে সংসদে। উল্লেখ্য, মসিউর রহমানকে প্রধান করে গঠিত সাত সদস্যের একটি কমিটি আইনটি নিয়ে কাজ করছে।জানা গেছে, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ বাংলাদেশ (আইসিএসবি) এবং কয়েকটি মন্ত্রণালয় ইতিমধ্যে আইনের খসড়ার ওপর মতামত দিয়েছে। সাচিবিক দায়িত্ব পালন করছে অর্থ বিভাগ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) এ বিষয়ে তাদের পর্যবেক্ষণ দিয়েছে।এই আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে খসড়ায় বলা হয়েছে, ‘যেহেতু জনস্বার্থ সংস্থাসমূহের ফাইনান্সিয়াল রিপোর্টিং কার্যক্রমের দক্ষ নিয়ন্ত্রণ এবং হিসাব ও নিরীক্ষা পেশার উচ্চতর নজরদারি ব্যবস্থার উন্নয়নের নিমিত্ত একটি কাউন্সিল প্রতিষ্ঠা ও আনুষঙ্গিক বিষয়অদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়,’ সেহেতু এই আইন প্রণয়ন করা হলো।আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নামে একটি কাউন্সিল প্রতিষ্ঠিত হবে। খসড়া আইন অনুসারে এই কাউন্সিলের চেয়ারম্যান হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে পাঠানো মতামতে গভর্নরের পরিবর্তে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে কাউন্সিল চেয়ারম্যান করার প্রস্তাব করা হয়েছে। এদিকে, আইসিএবি এবং আইসিএসবি তাদের প্রতিনিধিদের কাউন্সিলে রাখতে চায়।জানা গেছে, বেশ কয়েক বছর ধরে এই আইনটি প্রণয়ন এবং সে অনুযায়ী ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করার আলোচনা চলছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অধ্যাদেশ জারি করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নিয়ে অনেক অধ্যাদেশ আইনে পরিণত করলেও এই অধ্যাদেশটিকে নতুন করে প্রণয়নের সিদ্ধান্ত নেয়। তবে সরকারের সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও এই আইনটি আর হয়নি।অন্য সব আইনের খসড়া মতামতের জন্য যেভাবে ওয়েবসাইটে দেওয়া হয়ে থাকে, এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। কেন হয়নি জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ‘ওয়েবসাইটে দেওয়া হয়নি ঠিক, তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে খসড়া পাঠিয়ে মতামত চাওয়া হয়েছে এবং তারা মতামতও দিয়েছে।’অবশ্য প্রস্তাবিত আইনটির প্রয়োজনীয়তা ও এর আওতায় কাউন্সিল গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে আইসিএবি। ইতিমধ্যে তারা এ বিষয়ে তাদের পর্যবেক্ষণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইসিএবি মনে করে হিসাব নিরীক্ষকদের নিয়ন্ত্রণ ও তদারকির জন্য প্রাতিষ্ঠানিকভাবে তারা যেহেতু কাজ করছে, সেহেতু নতুন আইন করে আলাদা আরেকটি কর্তৃপক্ষ গঠন করা হলে আমলাতান্ত্রিক জটিলতা বাড়বে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থ মন্ত্রণালয় এবং এসইসির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্বনিয়ন্ত্রণের (সেলফ রেগুলেশন) বিষয়টি এখন দুনিয়ায় আর সেভাবে কার্যকর নয়। হিসাব মান ও নিরীক্ষণ অবশ্যই পৃথক কর্তৃপক্ষের মাধ্যমে নজরদারিতে আনা জরুরি। তাঁরা আরও বলেন, আইসিএবি বিভিন্ন সময় খুব কম প্রতিষ্ঠানের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে স্ব-উদ্যোগে ব্যবস্থা গ্রহণের নজির কম। করের জন্য এক ধরনের, নিয়ন্ত্রকদের জন্য আরেক ধরনের হিসাববিবরণী তৈরির যে অভিযোগ পাওয়া যায়, তা নিরসনেও স্বনিয়ন্ত্রণ অর্থবহ হতে পারেনি।