আর্থিক প্রতিষ্ঠানও বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পাবে

ব্যাংকগুলোর মতো আর্থিক প্রতিষ্ঠানও শেয়ারবাজারে বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পাবে। শেয়ার বিক্রি ছাড়াই মূলধন বাড়িয়ে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে পারবে। আইনে মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে। যদিও এর বেশি বিনিয়োগ রয়েছে অনেক প্রতিষ্ঠানের। আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত হয়।
সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মফিজউদ্দিন সরকারসহ ৩৩ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সভায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছেন গভর্নর ফজলে কবির। পাশাপাশি ব্যাংকের মতো স্বল্পমেয়াদি বিনিয়োগ না করে অবকাঠামো খাত ও বন্ড মার্কেটে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার তাগিদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন তিনি। এ ছাড়া ভুল তথ্য দিলে জরিমানা আরোপের বিষয়টিও জানানো হয়।
সভায় ফজলে কবির বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানে মাত্রাতিরিক্ত অনিয়ম হচ্ছে। এ কারণে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থানে থাকবে। অনিয়মের সঙ্গে জড়িতদের কঠোর ফল ভোগ করতে হবে।’
খেলাপি ঋণ ৮ শতাংশ মোটেই সন্তোষজনক নয় উল্লেখ করে গভর্নর বলেন, কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালকেরা বিদ্যমান নীতিমালা লঙ্ঘন করেছেন। বিশেষ করে পরিচালকদের ব্যক্তিগত ঋণ ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঋণ প্রদানে অনিয়ম, শ্রেণীকৃত ঋণকে অশ্রেণীকৃত ঋণ হিসেবে দেখানোসহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমনকি এসব অনিয়মের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকদের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে।
সভায় আর্থিক প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে বিনিয়োগকৃত অর্থের হিসাবায়নে ব্যাংকের মতো সুবিধা দাবি করে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাদের আবেদন পেলে বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়।
সভা সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যেসব প্রতিষ্ঠানে অনিয়মের মাধ্যমে অর্থ বের করা হয়েছে, তা আদায়ের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, বন্ড মার্কেট উন্নত করতে পাঁচ বছর করের আওতামুক্ত রাখা প্রয়োজন। তাহলেই এ মার্কেটে সবাই আসবে, মার্কেটও উন্নত হবে। কেন্দ্রীয় ব্যাংকও এতে সহমত পোষণ করে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে।
এ ছাড়া জীবনবিমা কোম্পানি আর্থিক প্রতিষ্ঠানে কী পরিমাণ আমানত রাখতে পারবে, তা নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রতিটি প্রতিষ্ঠানকে এক আর্থিক প্রতিষ্ঠানে এককভাবে ২ শতাংশ ও সম্মিলিতভাবে ১০ শতাংশ আমানত রাখার সীমার পরিকল্পনা করেছিল। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাপে তা যথাক্রমে ১০ ও ২৫ শতাংশ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এটা কার্যকর হলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতের চাহিদা কমে আসবে।
জানা গেছে, ২০১৩ সাল শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ছিল ১ হাজার ৭৭০ কোটি টাকা। ২০১৪ সালের শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বেড়ে হয় ১ হাজার ৯৭০ কোটি টাকা। তবে ২০১৫ সাল শেষে তা বেড়ে দ্বিগুণ হয়। যার পরিমাণ ৪ হাজার কোটি টাকা।
সভার বিষয়ে মফিজউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক আমাদের নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। খেলাপি ঋণ কমিয়ে আনার নির্দেশ দিয়েছে। আমরাও কিছু সমস্যা তুলে ধরেছি। কেন্দ্রীয় ব্যাংক তাতে সহায়তার আশ্বাস দিয়েছে।’
সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী জানান, ব্যাংকের মতো আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোও অতিরিক্ত বিনিয়োগের সুযোগ পাবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালকেরা তাঁর শেয়ারের ১৫ শতাংশ ঋণ নিতে পারেন। এর ব্যত্যয় ঘটলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে।
জানা গেছে, তিন আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়মবহির্ভূতভাবে প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা বের করে নিয়েছেন পরিচালকেরা। এসব ঘটনায় প্রতিষ্ঠান তিনটিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।