আর্থিক প্রতিষ্ঠানগুলো মূল্যবৃদ্ধির শীর্ষে
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত মূলধন ঘাটতি পূরণের তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় নির্বাহীদের এক বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে সনদ বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ খবর গতকাল সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর তারই প্রভাব পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানিগুলোর দামে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া এ খাতের ২২টি কোম্পানির মধ্যে ২০টিরই দাম বেড়েছে। এদিন ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির সাতটিই ছিল আর্থিক খাতের কোম্পানি। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) বৈঠক শেষে জানানো হয়, ১০টি আর্থিক প্রতিষ্ঠান এখনো মূলধন ঘাটতি পূরণ করতে পারেনি। ১০টির মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান রাইট শেয়ার বা আইপিও ছাড়তে এসইসির কাছে আবেদন করেছে। বাকিরাও শিগগিরই আবেদন করবে।অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানগুলো রাইট শেয়ার ছাড়বে—এমন খবরে শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। এ কারণে এদিন মূল্যবৃদ্ধির শীর্ষেও চলে আসে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আর্থিক খাতের কোম্পানিগুলোর দাম সম্মিলিতভাবে ১ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। যার জন্য ডিএসইর সাধারণ সূচক বেড়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ। দিন শেষে এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ৪০ শতাংশ। এদিকে টানা কয়েক দিনের মূল্যবৃদ্ধির পর মূল্য সংশোধন হয়েছে বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকোর শেয়ারের। তবে আগের কয়েক দিনের ধারাবাহিকতায় লেনদেনের শীর্ষ স্থানটি দখলে রেখেছে কোম্পানিটি। দিন শেষে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০ কোটি টাকা। একক কোম্পানি হিসেবে ডিএসইর মোট লেনদেনের পৌনে ১১ শতাংশই ছিল এটির। খাতভিত্তিক লেনদেনে গতকালও শীর্ষে ছিল ব্যাংকিং খাত। সম্মিলিতভাবে এ খাতের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৪৮ শতাংশ। যদিও আগের দিন এর পরিমাণ আরও বেশি ছিল। এদিকে ঢাকার বাজার দিন শেষে সাধারণ সূচক কিছুটা বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, শেয়ারের দাম কমতে কমতে বর্তমানে যে পর্যায়ে নেমে এসেছে, তাতে বাজারে এখন বিক্রির পরিমাণ কমে গেছে। এ পর্যায়ে লোকসান দিয়ে কেউ আর শেয়ার বিক্রি করতে চাইছেন না। তাই বাজারে লেনদেনের পরিমাণও কিছুটা কমে গেছে।মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘আর মাত্র কয়েক দিন পরই বেশির ভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব বছর শেষ হচ্ছে। এই অবস্থায় কোনো প্রতিষ্ঠানই চাইবে না তাদের বিনিয়োগের বিপরীতে লোকসানের পরিমাণ বেশি থাকুক। তাই বছরের বাকি কয়েকটি কার্যদিবসে বাজারে প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ ভালো থাকবে বলে আমার বিশ্বাস।’