আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়নে সতর্ক থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে মুদ্রা পাচার বা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এতে এ-জাতীয় ঘটনা মোকাবিলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন আইন ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময় দেওয়া বিধিবিধান ও নির্দেশনা সঠিকভাবে পালন করতে বলা হয়েছে। এ ধরনের অর্থায়নকে মুখ্য ঝুঁকি (কোর রিস্ক) বিবেচনা করে এর প্রতিরোধে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হতে বলা হয়েছে। একটি সূত্র বলেছে, আগাম সতর্কতা হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি এ ধরনের কোনো কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে কি না, জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্রটি বলেছে, দেশে বর্তমান আর্থিক খাতের অনিয়ম কিছুটা বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে পূর্বসতর্ক বার্তা হিসেবে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের জন্য ঋণ, সম্পদ-দায়, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির নিরাপত্তায় মুখ্য ঝুঁকি ব্যবস্থাপনায় গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ব্যাপ্তি ও প্রকৃতি, কার্যক্রম পরিচালনার আইনি কাঠামো ইত্যাদি বিবেচনায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি মোকাবিলার নির্দেশ দেওয়া গেল। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঝুঁকি প্রতিরোধে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মুখ্য ঝুঁকি মোকাবিলায় গাইডলাইন পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গৃহীত এ গাইডলাইন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।