আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মূলধন ঘাটতি দ্রুত পূরণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো আর্থিক প্রতিষ্ঠান ১০০ কোটি টাকার মূলধন পর্যাপ্ততা পূরণে ব্যর্থ হলে তার লাইসেন্স বাতিল কিংবা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়াারি দিয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো মূলধনের এই ঘাটতি পূরণের জন্য কিছু সময় চেয়েছে।বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ সময় ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) সভাপতি ও প্রাইম ফাইন্যান্সের চেয়ারম্যান আসাদ খানসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ১০টি আর্থিক প্রতিষ্ঠান এখনো মূলধন ঘাটতি পূরণ করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া আছে। এই নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান মূলধনের এই ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল বা অন্যটির সঙ্গে একীভূত করা হবে। সুর চৌধুরী জানান, ১০টির মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান রাইট শেয়ার বা আইপিও ছাড়তে এসইসির কাছে আবেদন করেছে। অন্যদিকে আসাদ খান সাংবাদিকদের বলেন, আর্থিক-সংকটের কারণে বিনিয়োগে যেতে না পারায় কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় মূলধন পূরণে সক্ষম হয়নি। এসব প্রতিষ্ঠান ডিসেম্বরভিত্তিক আর্থিক প্রতিবেদনের ওপর রাইট শেয়ার অথবা আইপিও ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করবে। ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান এসইসিতে আবেদন করেছে। আসাদ খান আরও বলেন, যারা আবেদন করেনি আশা করা হচ্ছে শিগগিরই তারাও আবেদন করবে। আর সবকিছু বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান ভিত্তিতে কিছুটা সময় হয়তো দিতে পারে। এ ছাড়া বৈঠকে ক্যামেল রেটিংয়ের বিষয়ে সুনির্দিষ্ট একটি গাইডলাইন প্রণয়ন, জাইকা পুনঃঅর্থায়ন প্রকল্পের অর্থ অন্তত দুই বছরের জন্য ছাড় করা, এসএমই ঋণের ক্ষেত্রে সাধারণ সঞ্চিতি ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করা, আমানত বিমা আইনের অগ্রগতি, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণখেলাপির তথ্য জনসম্মুখে প্রকাশের অনুমতি এবং স্বল্পমেয়াদি আমানত সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। তবে এসবের কোনোটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বিবেচনা করবে।