আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ও লিজের অর্ধেক ক্ষতির পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের সেপ্টেম্বর মাস শেষে দেশের ২৯টি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ও লিজের পরিমাণ হয়েছে এক হাজার ২৬৯ কোটি ১৪ লাখ টাকা। আর এই সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণ ও লিজের পরিমাণ হচ্ছে ২০ হাজার কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ খেলাপির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৫ শতাংশ।শতকরা হার বিবেচনায় সামগ্রিক খেলাপি কম মনে হলেও এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো, মোট খেলাপি ঋণ বা লিজের বড় অংশ মন্দ বা ক্ষতির পর্যায়ে শ্রেণীকৃত; হিসাববিজ্ঞানের ভাষায় যা আদায়যোগ্য নয়। প্রাপ্ত তথ্য অনুসারে, এক হাজার ২৬৯ কোটি ১৪ লাখ টাকার খেলাপি ঋণ ও লিজের মধ্যে ক্ষতির পর্যায়ে শ্রেণীকৃত হয়ে আছে ৭৩১ কোটি ৪৫ লাখ টাকা। বাকি অর্থের মধ্যে ১৪৫ কোটি ৭৮ লাখ টাকা সন্দেহজনক এবং ৩৯১ কোটি ৯১ লাখ টাকা নিম্নমান পর্যায়ে শ্রেণীকৃত। বর্তমান সরকারের আমলে দেশে আরও দুটি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছে। সব নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা এখন ৩১টি। তবে পুরো মাত্রায় কার্যক্রম শুরু না হওয়ায় এখন পর্যন্ত আগের ২৯ প্রতিষ্ঠানেরই আর্থিক অবস্থার প্রতিবেদন তৈরি হচ্ছে। ব্যাংক খাতের তদারকি ও নজরদারিতে বাংলাদেশ ব্যাংক এত দিন যতটা গুরুত্ব দিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে ঠিক ততটা মনোযোগ ছিল না। কেননা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপ্তি ও সংশ্লিষ্টতা তত বেশি ছিল না।কিন্তু ২০০৮ সালে বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর দেউলিয়া হওয়ার কারণে আমেরিকাসহ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা যায়। বাংলাদেশে ২০১০ সালের শেষ ভাগে শেয়ারবাজারে যে বিপর্যয় নেমে আসে, তার আগে-পরে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাজারে বিনিয়োগ ব্যাপক হারে বৃদ্ধি পায়। স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা এবং সার্বিকভাবে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগে ভারসাম্য আনতে ‘আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০১১’ নতুনভাবে প্রণয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার নতুন আইন প্রবর্তনের আগ পর্যন্ত বর্তমান আইনের আওতায় অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংক এসব প্রতিষ্ঠানের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে।সূত্র জানায়, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকের যে হিসাব প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া গেছে, তা নিয়েও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করা হবে। বিশেষত যেসব আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ও লিজকৃত অর্থের পরিমাণ ১০ শতাংশ বা তার বেশি, সেসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীকে পৃথকভাবে ডেকে আলোচনা ও কর্মপন্থা ঠিক করা হবে। এ তালিকায় সবচেয়ে বেশি খেলাপি ঋণ ও লিজ রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানির। তারপর আছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইপিডিসি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল। পর্যালোচনায় দেখা যায়, গত জুনের তুলনায় এই সাত কোম্পানির মধ্যে চারটির খেলাপি ঋণ বা লিজের হার বেড়েছে। এগুলো হলো—আইপিডিসি, ইউনিয়ন ক্যাপিটাল, জিএসপি ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং।