দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক সম্মেলনে বক্তারা বলেছেন, সমন্বিত প্রতিবেদন আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করবে।
রাজধানীর কারওয়ান বাজারে গতকাল রোববার আইসিএবির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনটিতে বক্তারা দেশের হিসাব ও আর্থিক প্রতিবেদনের মান ক্রমান্বয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় করার তাগিদ দেন। এতে দেশের ভেতরে হিসাবরক্ষণ, হিসাব নিরীক্ষণ ও আর্থিক প্রতিবেদনের মানে যে ঘাটতি রয়েছে, তা দূর করা সম্ভব হবে বলে তাঁরা উল্লেখ করেন। আইসিএবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‘সমন্বিত আর্থিক প্রতিবেদন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির পর্ষদ সদস্য ও সাবেক সভাপতি আনোয়ার উদ্দিন চৌধুরী। আইসিএবির সাবেক সভাপতি আব্বাস উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বর্তমান সভাপতি আদিব হোসেন খান। সমাপনী বক্তব্য দেন আইসিএবির প্রতিষ্ঠানের সহসভাপতি মো. মাহামুদ হোসেন।
সম্মেলনে বক্তারা বলেন, সাম্প্রতিক আর্থিক অনিয়মের কারণে দেশের হিসাব ও নিরীক্ষণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহির ব্যাপারে জনগণ আরও বেশি কিছু দেখতে চায়। সে জন্য এখন দরকার সমন্বিত আর্থিক প্রতিবেদন, যা প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানসমূহের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
আদিব হোসেন খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক আর্থিক প্রতিবেদন সবচেয়ে বেশি দরকার।