আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের ঋণ অবলোপন করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় ব্যাংক

দেশের কিছু আর্থিক প্রতিষ্ঠান থেকে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ঋণ বের করে নিচ্ছেন পরিচালক ও ব্যবসায়ীরা। আবার এক প্রকল্পের
নামে ঋণ নিয়ে অন্য প্রকল্পে তা ব্যবহার করছেন। এসব ঋণ আদায়ও হচ্ছে না। কিন্তু অল্প সময়ের মধ্যে এসব ঋণকে অবলোপন করে আর্থিক হিসাব থেকে আড়ালে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে এ সময়ের আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঋণের ক্ষেত্রে এমন চিত্র পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ অবলোপনের ওপর একধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিতরণ করা ঋণের যথাযথ ব্যবহার না করে অন্য খাতে স্থানান্তর করা কিংবা জাল-জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে দেওয়া ঋণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানসমূহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আইনানুগ ব্যবস্থা নিষ্পত্তির আগে এসব ঋণ অবলোপন করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, পি কে হালদার এমডি থাকাকালে আভিভা ফাইন্যান্সের (সাবেক রিলায়েন্স ফাইন্যান্স) থেকে কক্সবাজারে নির্মাণাধীন র‍্যাডিসন হোটেলের নামে যে ঋণ দিয়েছেন, তার সবই অবলোপন করে ফেলা হয়েছে। এসব ঋণের নথিপত্রও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে প্রকৃত সুবিধাভোগী কারা, তার তথ্য পাওয়া যাচ্ছে না। এ ছাড়া আরও অনেক ঋণের ক্ষেত্রেও একইভাবে তথ্য গোপন করে ফেলা হয়েছে। এ জন্য নতুন করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

পি কে হালদার আভিভা ফাইন্যান্স ও গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক) ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল), এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) শেয়ার কিনে প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেন। পরে এসব প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ বের করে দেশে সম্পদ গড়েন, বিদেশেও পাচার করেন। ফলে এসব প্রতিষ্ঠান এখন গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকও হয়ে পড়েছে নিরুপায়।