আর্থিক প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ বিধি শিথিল হচ্ছে
অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) আমানত সংগ্রহ বিধি শিথিল করবে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রতিষ্ঠানগুলো জনসাধারণের কাছ থেকে ন্যূনতম ছয় মাস মেয়াদি আমানত সংগ্রহ করতে পারবে।গতকাল মঙ্গলবার দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ শিথিলতার বিষয়ে ইতিবাচক মনোভাব জানানো হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো জনগণের কাছ থেকে কমপক্ষে এক বছর মেয়াদি আমানত সংগ্রহ করতে পারে। অন্যদিকে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি আমানত নেওয়ার নির্দেশনা রয়েছে।বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা ব্যক্তির কাছ থেকে আমানত সংগ্রহের মেয়াদ ছয় মাস এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিন মাস নির্ধারণের প্রস্তাব করেন।তবে কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি পর্যায়ে আমানত সংগ্রহবিষয়ক প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা যায়। এর ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান তহবিল-সংকট কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ সময় ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খান, নির্বাহী পরিচালক আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান সরকার।বৈঠক শেষে মফিজুর রহমান সরকার সাংবাদিকদের জানান, বৈঠকে তাঁদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য পরিশোধনাগার খাতে ঋণপ্রবাহ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।বৈঠকে তাঁরা সহজে ও স্বল্প সুদে তহবিল না পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন বলেও তিনি জানান। তিনি বলেন, ব্যাংকগুলো তাঁদের ঋণ দেয় কিন্তু সুদ নেয় ১৩ শতাংশ হারে। সরকার তার আমানত রাখে ব্যাংকে। সরকারের এ সংক্রান্ত সার্কুলারে সরকারি ব্যাংকে ৭০ শতাংশ এবং বেসরকারি ব্যাংকে ৩০ শতাংশ আমানত ব্যাংকে রাখার সিদ্ধান্ত রয়েছে।আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও যেন সরকার কিছু আমানত রাখে, সে জন্য তাঁরা অনুরোধ করেছেন।বৈঠকে যেসব আর্থিক প্রতিষ্ঠানের মার্চেন্ট ব্যাংক আছে তাদের দ্বৈত কর দিতে হচ্ছে বলেও বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।আর্থিক প্রতিষ্ঠানগুলোর ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে ন্যূনতম পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকায় উন্নীত করার নির্দেশনা রয়েছে। বৈঠকে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এই মেয়াদ ২০১১ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। তবে বাংলাদেশ ব্যাংক এতে সাড়া দেয়নি। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ অনুমোদনের আগে সিআইবি প্রতিবেদন না নিয়ে ঋণ ছাড়ের আগে সিআইবি প্রতিবেদন গ্রহণের নিয়ম করার দাবি জানায়। বাংলাদেশ ব্যাংক এ দাবির ব্যাপারে বলেছে, বর্তমানে সিআইবি প্রতিবেদন স্বল্প সময়ের মধ্যে দেওয়া হয়। এ কারণে ঋণ অনুমোদনের আগেই সিআইবি প্রতিবেদন গ্রহণের নির্দেশ বহাল রাখা হবে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আর্থিক প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে যে আমানত নেয়, তা এক বছর পূর্তির আগে নগদায়ন করা যায় না। কিন্তু অনেক সময় আমানতকারীরা জরুরি প্রয়োজনে এক বছর অতিক্রম হওয়ার আগেই নগদায়ন করতে চান।বৈঠকে এই নির্দেশনা শিথিল করার অনুরোধ জানানো হলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।