বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত দেশের কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের আর্থিক প্রতিষ্ঠানের ঋণসুবিধা চলমান রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ পুনঃতফসিল, এককালীন জমা বা ডাউন পেমেন্ট দেওয়া থেকে সব ক্ষেত্রেই নমনীয় হতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল রোববার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কৃষি ও শিল্প খাতের উপকরণ ও পণ্যাদির স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়ে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়ছে। এতে স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
নির্দেশনাতে আরও বলা হয়েছে, এ মর্মে সিদ্ধান্ত হয়েছে যে এসএমই ও কৃষিসহ সব খাতের প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রাখা ও ঋণ আদায় নিশ্চিতকল্পে প্রদত্ত ঋণসুবিধা চলমান রাখা প্রয়োজন। এ জন্য ঋণ হিসাব পুনঃতফসিলের ক্ষেত্রে এককালীন জমা নেওয়া ও মেয়াদকাল নিরূপণের বিষয়টি আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করা এবং ঋণ হিসাব পুনর্গঠনের মেয়াদকাল যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা যাবে। তবে এ ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হবে। আগামী ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত এসব সুবিধা বলবৎ থাকবে।