আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ক্রমান্বয়ে কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণ বা লিজের পরিমাণ ২০১১ সাল শেষে দাঁড়িয়েছে এক হাজার ৩২ কোটি ৪৭ লাখ টাকা। এ সময় প্রতিষ্ঠানগুলোর মোট বিতরণ করা ঋণ ও লিজ অর্থায়নের পরিমাণ ছিল ২১ হাজার ৯৬৩ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ বিতরণ করা মোট ঋণের মাত্র ৪ দশমিক ৭০ শতাংশ খেলাপি।বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্যাংক খাতের তদারকি ও নজরদারিতে কেন্দ্রীয় ব্যাংক এত দিন যতটা গুরুত্ব দিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে ঠিক ততটা মনোযোগ ছিল না। কেননা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপ্তি ও সংশ্লিষ্টতা তত বেশি ছিল না।কিন্তু, ২০০৮ সালে বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর দেউলিয়া হওয়ার কারণে আমেরিকাসহ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়। বাংলাদেশে ২০১০ সালের শেষভাগে শেয়ারবাজারে যে বিপর্যয় নেমে আসে, তার আগে-পরে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাজারে বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা এবং সার্বিকভাবে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগে ভারসাম্য আনতে নতুন ‘আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০১১’ নতুনভাবে প্রণয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার নতুন আইন প্রবর্তনের আগ পর্যন্ত বর্তমান আইনের আওতায় অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংক এসব প্রতিষ্ঠানের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে।সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট শ্রেণীকৃত বা খেলাপিঋণের পরিমাণ বাড়লেও শতকরা হারে কমছে। ২০১০ সালে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণ ও লিজের পরিমাণ ছিল ১৭ হাজার ৮০৯ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে খেলাপিঋণ বা লিজের পরিমাণ ছিল এক হাজার ৫৪ কোটি ৩২ লাখ টাকা, যা বিতরণ করা ঋণ বা লিজের ৫ দশমিক ৯২ শতাংশ।প্রসঙ্গত, দেশে বর্তমানে ৩১টি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে তিনটি সরকারি মালিকানাধীন। আটটি দেশি-বিদেশি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এবং ২০টি রয়েছে যেগুলো দেশীয় উদ্যোক্তারা প্রতিষ্ঠা করেছেন। সারা দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখার সংখ্যা ১৬২টি। তবে ২০১১ সালে নিবন্ধন নেওয়া দুটি আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড এখনো কার্যক্রম শুরু করেনি।প্রাপ্ত তথ্য অনুসারে, সর্বশেষ বাংলাদেশ ব্যাংক জুন ’১১ ভিত্তিতে ২৯টি আর্থিক প্রতিষ্ঠানের ‘ক্যামেল রেটিং’ বা মূলধন, সম্পদের গুণগতমান, ব্যবস্থাপনা দক্ষতা, উপার্জন ক্ষমতা ও তারল্য পরিস্থিতির মূল্যায়ন করেছে। এতে তিনটি প্রতিষ্ঠানের সমন্বিত ক্যামেল রেটিং দাঁড়িয়েছে সুদৃঢ় পর্যায়ে বা রেটিং হয়েছে ১। ১৪টি প্রতিষ্ঠানের রেটিং-২ বা সন্তোষজনক। আর ১২ প্রতিষ্ঠানের রেটিং-৩ বা মোটামুটি ভালো।২০১২ সালের ৩০ জুনের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ন্যূনতম পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত রয়েছে। তা ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাসেল-২ নীতিমালা অনুসরণ করে মোট ঝুঁকিভিত্তিক সম্পদের ন্যূনতম ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ২০১১ সালে ডিসেম্বর ভিত্তিতে তিনটি আর্থিক প্রতিষ্ঠান যথাক্রমে ইন্টারন্যাশনাল লিজিং, রিলায়েন্স ফাইন্যান্স ও লংকাবাংলা ফাইন্যান্সের মূলধন পর্যাপ্ততার হার ১০ শতাংশের নিচে রয়েছে। যদিও নির্দেশনা অনুসারে ১ জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক সম্পদের ভিত্তিতে এই হার ১০ শতাংশে সংরক্ষণের বিধান রয়েছে। অবশ্য ২০১১ সালের হিসাবে ২৮টি প্রতিষ্ঠান মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করেছে। এর মধ্যে আটটি প্রতিষ্ঠান যেমন: আইআইডিএফসি, মাইডাস, বিআইএফসি, ফিনিক্স, ইউনিয়ন ক্যাপিটাল, বিএফআইসি, ইডকল, আইডিএলসির মূলধন পর্যাপ্ততার হার ১০ শতাংশের বেশি এবং ১৫ বা ১৫ শতাংশের নিচে রয়েছে। বাকি ১৮টি প্রতিষ্ঠানের মূলধন পর্যাপ্ততার হার ১৫ শতাংশের বেশি রয়েছে।