আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষা কমিটির দায়িত্ব নির্ধারণ
অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নিরীক্ষা কমিটির দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার এই নির্দেশনা দেশের সবগুলো আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।নির্দেশনাতে নিরীক্ষা কমিটির দায়িত্ব ও কর্তব্য, সাংগঠনিক কাঠামো, কমিটির সদস্য হওয়ার উপযুক্ততা ও সভা আহ্বান-সংক্রান্ত বিষয়গুলো রয়েছে। এর আগে আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষা কমিটির দায়িত্ব ও কর্তব্য এভাবে সুনির্দিষ্ট করা ছিল না।নিরীক্ষা কমিটি আর্থিক-প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী সংস্থার (বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংস্থা) প্রণীত বিধিবিধান এবং আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ কর্তৃক অনুমোদিত অভ্যন্তরীণ নিয়মনীতি যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা পর্যালোচনা করবে।নির্দেশনা অনুসারে, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিরীক্ষা কমিটি হতে হবে পাঁচ সদস্যের। এর একজন হবেন সভাপতি। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে নিরীক্ষা কমিটির সদস্যরা তিন বছরের জন্য নিয়োগ পাবেন। প্রতিষ্ঠানের কোম্পানি সচিব নিরীক্ষা কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।কমিটির সদস্য নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালকের সততা, নিষ্ঠা ও কমিটির কাজে পর্যাপ্ত সময় ব্যয় করার সুযোগ আছে কি না, তা বিবেচনা করতে হবে। একই সঙ্গে কমিটির কাজে ফলপ্রসূ ও কার্যকর অবদান রাখতে পারবেন, এমন পরিচালকদেরই কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দিতে হবে। আবার কমিটির সদস্যদের সাধারণভাবে অর্থায়নব্যবসা, প্রতিষ্ঠানের পরিচালনা এবং বিবিধ ঝুঁকিসহ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। নিরীক্ষা কমিটি প্রতিবছর চারটি এবং প্রয়োজন অনুসারে যেকোনো সময় সভা অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারবে। কমিটির সভার সব সুপারিশ বা পর্যবেক্ষণ কার্যবিবরণী আকারে লিপিবদ্ধ করতে হবে, যা সভার পরের মাসের ৭ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংককে পাঠাতে হবে।এই কমিটি প্রয়োজনবোধে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অন্য যেকোনো কর্মকর্তাকে কমিটির সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান করতে পারবে। অভ্যন্তরীণ ও বহির্নিরীক্ষকদের কমিটি তাদের ইচ্ছামাফিক বিষয়ে প্রতিবেদন বৈঠকে উপস্থাপনের জন্য অনুরোধ করতে পারবে।আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্ব এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি উপযুক্ত পরিপালন কৃষ্টি গড়ে তুলতে সক্ষম হয়েছে কি না, এবং কর্মকর্তাদের তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কি না ও তাদের কাজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রয়েছে কি না, তা নিরীক্ষা কমিটি মূল্যায়ন করবে। কমিটি একই সঙ্গে অভ্যন্তরীণ ও বহির্নিরীক্ষক এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের পরিদর্শন দলের উদ্ঘাটিত জাল-জালিয়াতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুর্বলতা অথবা অনুরূপ ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং গৃহীত সংশোধনমূলক ব্যবস্থাদি নিরীক্ষা কমিটি পর্যালোচনা করে নিয়মিতভাবে পরিচালনা পর্ষদকে অবহিত করবে।