আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত
অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় গতকাল রোববার মূলধন বাড়ানোর এই সিদ্ধান্ত দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে আগামী বছর অর্থা ৎ ২০১২ সালের ৩০ জুনের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত করতে হবে। এর আগে এই প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ছিল ৫০ কোটি টাকা।তবে বাংলাদেশ ব্যাংক তার নির্দেশনায় একই সঙ্গে উল্লেখ করেছে, এসব প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিলের পরিমাণ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সময় সময় ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে যে ন্যূনতম মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা থাকবে তার চেয়ে কম হবে না। মূলধন বাড়াতে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে আইপিও (প্রাথমিক শেয়ার) ছাড়া বা রাইট শেয়ার ইস্যু করা কিংবা লভ্যাংশ নগদে না দিয়ে বোনাস শেয়ারে তা বিতরণ করে সেই অর্থ সংরক্ষণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, মূলধন ঘাটতি থাকা অবস্থায় কোনো প্রতিষ্ঠান নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। সূত্র জানায়, নতুন নির্দেশনার কারণে দেশে কার্যরত ৩০টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২৮টিরই মূলধন বাড়াতে হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর আগে দেওয়া নির্দেশনা অনুসারে ২০১০ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূলধন ৫০ কোটি টাকায় উন্নীত করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু সর্বশেষ তথ্য অনুসারে নয়টি আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরও পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকায় উন্নীত করতে পারেনি। আর অন্যদিকে পিপলস লিজিংয়ের মূলধন ১০৮ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকা এবং সাবিনকোর পরিশোধিত মূলধন রয়েছে ২১০ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টাকা। বাকি ১৯টি প্রতিষ্ঠানের মূলধন ৫০ থেকে ১০০ কোটি টাকার মধ্যে রয়েছে। এ হিসাবে বাকি ২৮টি আর্থিক প্রতিষ্ঠানের মূলধন বাড়াতে হবে।