আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর জন্য সুরক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে বরখাস্ত বা অব্যাহতি বা অপসারণ করতে হলে কারণ উল্লেখ করে কমপক্ষে এক মাস আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
আবার প্রধান নির্বাহী স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলেও বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে জানাতে হবে। আর নিয়োগ বাতিল বা পদত্যাগে বাধ্য করা হলেও তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। এ নির্দেশনার মাধ্যমে ব্যাংকের প্রধান নির্বাহীদের মতো আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদেরও একধরনের সুরক্ষা দেওয়া হলো।
অপর এক নির্দেশনায় আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ বলেছে, আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তাদের অবসরের দুই বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া যাবে না।
জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের একজন কর্মকর্তা বলেন, স্বেচ্ছায় পদত্যাগের কোনো আবেদন এলে কেন্দ্রীয় ব্যাংক তা পর্যবেক্ষণ করে দেখবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা রাখার প্রয়োজনীয়তা দেখা দিলে তা করবে। আর সুশাসনের স্বার্থে সাবেক কর্মকর্তাদের দুই বছর অতিক্রান্ত হওয়ার আগে একই কোম্পানিতে উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।