আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগেই বাজারে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপকভাবে বিনিয়োগ দেশের পুঁজিবাজারে ধস ডেকে এনেছিল বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। আজ শনিবার ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মোহাম্মদপুর শাখার উদ্যোগে আয়োজিত বিনিয়োগকারীদের সচেতনতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।রকিবুর রহমান বলেন, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যাপকভাবে শেয়ারবাজারে বিনিয়োগ করেছিল। এর ফলে বাজারে ব্যাপক উল্লম্ফন দেখা যায়। ওই সময় বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী শেয়ারের জোগান না থাকায় বাজার ফুলেফেঁপে উঠেছিল। একপর্যায়ে ২০১০ সালের শেষ দিকে সূচক প্রায় নয় হাজারে পৌঁছে যায়।ডিএসইর সভাপতি আরও বলেন, ‘ডিএসইর সাধারণ মূল্যসূচক যখন সাত হাজার ছাড়িয়ে যায়, তখন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছিল। তাঁদের বেশি দামে শেয়ার কিনতে নিষেধ করা হয়েছিল। কিন্তু সে সময় বিনিয়োগকারীরা আমাদের কথা শোনেননি। তাঁরা বুঝে না বুঝে বাজারে বিনিয়োগ করেছিলেন। আর এই সুযোগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজার থেকে বেরিয়ে যায়।’ রকিবুর রহমান বলেন, ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগসীমা দায়ের ১০ শতাংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। এ সময় তাদের বিনিয়োগ দায়ের ৩০ শতাংশ পার হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী ব্যাংকগুলো তাদের বিনিয়োগসীমা কমিয়ে আনে। এরই ফলে ওই বছরের ডিসেম্বরে বাজারে বড় ধরনের পতন শুরু হয়। একপর্যায়ে তা ভয়াবহ ধসে রূপ নেয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারীরা।ডিএসইর সভাপতির মতে, শেয়ারবাজার ঝুঁকির জায়গা। ঝুঁকি কমাতে হলে জানতে হবে, বুঝতে হবে, আবেগ দূর করতে হবে। সঞ্চয়ের একটি অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করা যায়, ধার বা দেনা করে অথবা ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করা উচিত হবে না। এ ক্ষেত্রে সতর্কীকরণ প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা, এর মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগ সম্পর্কে আরও বেশি জানতে পারবেন, বুঝতে পারবেন। কোথায় তিনি বিনিয়োগ করবেন, সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক মিজানুর রহমান, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ ইবরাহিম (বীর প্রতীক), ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহীম, নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ।