আর্থিক প্রতিষ্ঠানের বড় অঙ্কের ঋণের ত্রৈমাসিক তথ্য দিতে হবে
অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বড় অঙ্কের ঋণের তথ্য এখন থেকে বাংলাদেশ ব্যাংককে ত্রৈমাসিক ভিত্তিতে পাঠাতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট মূলধনের ১৫ শতাংশ বা তার বেশি অঙ্কের ঋণ বা লিজ অর্থায়নকে বড় অঙ্কের ঋণ হিসাবে দেখা হবে।এই ঋণ হিসাব করতে গিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ঋণ বা লিজকে একত্রে হিসাবে নিতে হবে। তবে পরোক্ষ ঋণ বা লিজসুবিধাকে ৫০ শতাংশ হিসাবে বিবেচনা করে মোট ঋণ হিসাব করতে হবে।প্রতি তিন মাস অন্তর এই বড় অঙ্কের ঋণ বা লিজ অর্থায়নের হিসাব বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরমে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। প্রজ্ঞাপনটি কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে গত সোমবার দেশের ২৯টি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।