আর্থিক প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধির সময় বাড়ানো হবে না
নির্ধারিত সময়ের মধ্যেই ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ন্যূনতম পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত করতে হবে। বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইনান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) সঙ্গে এক বৈঠকে গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণের সময়সীমা নির্ধারিত রয়েছে। আর পাঁচটি বাদে সব আর্থিক প্রতিষ্ঠান পরিশোধিত মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা পূরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ খানসহ ৩১টি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।