দেশের আর্থিক বাজারের ওপর গবেষণা বাড়াচ্ছে আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। আর এই গবেষণাকে কাজে লাগানো হচ্ছে বিনিয়োগ ও অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। বিশেষ করে শেয়ারবাজারে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক নিয়মিতভাবে গবেষণা কার্যক্রম চালাচ্ছে। এসব গবেষণা ও বিশ্লেষণের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো নিজেরা বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে, আবার গ্রাহকদের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে লংকাবাংলা সিকিউরিটিজ, লংকাবাংলা ইনভেস্টমেন্টস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট, আইডিএলসি ফাইন্যান্সসহ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব জনবলকাঠামো ও নীতিতে নিয়মিতভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। নিজেদের কাজে লাগানোর পাশাপাশি এসব গবেষণাভিত্তিক প্রতিবেদন ও বিশ্লেষণ দেশি-বিদেশি আগ্রহী বিনিয়োগকারীদের মধ্যেও সরবরাহ করা হচ্ছে। এদিকে প্রাতিষ্ঠানিক গবেষণাকে উৎসাহিত করতে এবং গবেষণাধর্মী বিনিয়োগের পরিমাণ বাড়াতে প্রথমবারের মতো ‘গবেষণা বিশ্লেষণ বা রিসার্স অ্যানালাইসিস’ নীতিমালা প্রণয়নের কাজ করছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর মধ্যে নীতিমালার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। এখন খসড়া নীতিমালার ওপর জনমত সংগ্রহ করছে এসইসি। প্রাপ্ত মতামতের ভিত্তিতে সংযোজন-বিয়োজনের পর নীতিমালাটি চূড়ান্ত করা হবে বলে এসইসির পক্ষ থেকে জানানো হয়েছে। এসইসি বলছে, নীতিমালাটি কার্যকর হলে এ খাতের গবেষণা প্রাতিষ্ঠানিক রূপ পাবে, যা দীর্ঘ মেয়াদে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। সেই সঙ্গে হুজুগ বা গুজবনির্ভর বিনিয়োগের পরিবর্তে গবেষণানির্ভর বিনিয়োগের পরিমাণ বাড়বে। সেটি হলে পুঁজিবাজার পরিপক্বতার দিকে এগিয়ে যাবে এবং অস্বাভাবিক উত্থান-পতন অনেকাংশে কমবে। খসড়া নীতিমালার কিছু দিক: খসড়ায় পাঁচ ধরনের প্রতিষ্ঠানকে গবেষণা বিশ্লেষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করেছে এসইসি। প্রতিষ্ঠানগুলো হলো: মার্চেন্ট ব্যাংক, স্টক ডিলার বা স্টক ব্রোকার, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, বিনিয়োগ উপদেষ্টা ও স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান। নীতিমালায় অনুযায়ী, গবেষণা প্রতিবেদন প্রকাশের জন্য মনোনীত বা যোগ্য বিবেচিত প্রতিষ্ঠানগুলোর আলাদা গবেষণা দল বা বিভাগ থাকতে হবে, যে দলের ন্যূনতম সদস্য হতে হবে তিনজন। এ ছাড়া ব্যক্তিপর্যায়েও আর্থিক বাজার নিয়ে গবেষণার সুযোগ রাখা হয়েছে। সে ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিদের পেশাদার বা যথাযথ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সিএফএ, সিপিএ, সিএ, সিএমএ, এমবিএ এবং অর্থনীতি ও হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা প্রাথমিকভাবে এ কাজের জন্য যোগ্য বিবেচিত হবেন বলে নীতিমালায় বলা হয়েছে। প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি শেয়ারবাজার বা অর্থ বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছর কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে।অবশ্য খসড়া নীতিমালায় কিছু পরিবর্তন বা পরিবর্ধনের সুপারিশ করেছে এ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো। তারা বলছে, নীতিমালায় অভিজ্ঞতাসংক্রান্ত যেসব যোগ্যতার কথা বলা হয়েছে, তা পূরণ করা বেশির ভাগ প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব নয়। আর গবেষণাকাজে যাঁরা নিয়োজিত থাকবেন, তাঁদের যোগ্যতা যাচাইয়ের জন্য আলাদা ব্যবস্থা রাখাটাও জরুরি। শুধু শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সবাইকে এ কাজে যুক্ত করা হলে সে ক্ষেত্রে গবেষণার মান উন্নত হবে না। প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ: কয়েক বছর ধরে গবেষণাধর্মী বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য সামনে রেখে কিছু কিছু প্রতিষ্ঠান আর্থিক বাজার নিয়ে গবেষণা ও এ-বিষয়ক প্রতিবেদন তৈরি করে আসছে। এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গবেষণা প্রতিবেদনগুলোর ব্যবহার এখনো সীমিত পর্যায়ে রয়েছে। তার পরও যেসব বিনিয়োগকারী গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে বাজারে বিনিয়োগ করেছেন, তাঁদের বেশির ভাগই লাভবান হয়েছেন। যোগাযোগ করা হলে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি আল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিজস্ব একটি শক্তিশালী গবেষণা দল বা বিভাগ রয়েছে। মুদ্রাবাজার, পুঁজিবাজারসহ খাতভিত্তিক গবেষণাসহ দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা নিয়ে আমরা নিয়মিত গবেষণা করে থাকি। এ বিষয়ে আমাদের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্লুমবার্গের চুক্তিও রয়েছে।’ ওয়ালি আল ইসলাম আরও জানান, বাংলাদেশের ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীদের মধ্যে এখনো গবেষণাভিত্তিক বিনিয়োগের প্রবণতা তৈরি না হলেও বিদেশি বিনিয়োগকারীরা পুরোপুরিভাবে গবেষণাধর্মী বিনিয়োগ করে থাকেন। তিনি জানান, এসইসির গবেষণা ও বিশ্লেষণ নীতিমালাটি চূড়ান্ত হলে দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগকারীর জন্য গবেষণা প্রতিবেদন উন্মুক্ত করে দেওয়া হবে। যোগাযোগ করা হলে লংকাবাংলা ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শাকিল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘যেসব গ্রাহকের নিজস্ব বিনিয়োগকোষ বা পোর্টফোলিও আমরা নিজেরা ব্যবস্থাপনা করে থাকি এবং আমাদের নিজস্ব যে বিনিয়োগ রয়েছে, সেসব ক্ষেত্রে আমরা গবেষণাধর্মী বিনিয়োগকেই অগ্রাধিকার দিয়ে থাকি। এর মধ্যে তার সুফলও আমরা পেয়েছি।’ জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, তাঁরা নিয়মিতভাবে সরেজমিনে বিভিন্ন কোম্পানি পরিদর্শন ও বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ করে কোম্পানি ও খাতভিত্তিক গবেষণা প্রতিবেদন প্রস্তুত করেন। ওই সব প্রতিবেদনে কোম্পানি বা সংশ্লিষ্ট খাতের বতর্মান অবস্থার পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা বা ঝুঁকির দিকটিও তুলে ধরা হয়। মনিরুজ্জামান আরও বলেন, ‘এসইসির নীতিমালাটি চূড়ান্ত হলে আমাদের এসব কার্যক্রম আরও বেশি পরিপূর্ণতা পাবে। বিশ্বের উন্নত দেশগুলোতে ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকগুলো গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। যেসব প্রতিষ্ঠানের গবেষণার মান বা গ্রহণযোগ্যতা যত বেশি, সেসব প্রতিষ্ঠানের গ্রাহকও তত বেশি।’ মনিরুজ্জামান বলেন, সাধারণ দৃষ্টিতে দেখলে ছোট-বড় ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের গ্রাহকসেবার মধ্যে খুব বেশি তফাত নেই। তাই গ্রাহক বাড়াতে হলে বা গ্রাহককে সন্তুষ্ট করতে হলে সেবার বাইরে গবেষণার দিকে আরও বেশি মনোযোগী হতে হবে। সেটি হলে গ্রাহকেরা যেমন লাভবান হবেন, ঠিক তেমনি প্রতিষ্ঠানের গ্রাহকসংখ্যা বা গ্রহণযোগ্যতাও তত বাড়বে।