মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ২০০৭ সালে দেশটিতে আর্থিক সংকট দেখা দেওয়ার শঙ্কাকে খাটো করে দেখেছিল। ওই বছর আগস্ট মাসে যখন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকেরা বৈঠকে বসেন, তখন দেশটির অন্যতম বৃহৎ বন্ধকি ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠান নিজেকে দেউলিয়া ঘোষণা করতে আইনি আবেদন দাখিল করেছে। একই সময়ে আরেকটি আর্থিক প্রতিষ্ঠান হাহাকার করছিল অর্থের জন্য যেন নিজেকে রক্ষা করতে পারে।কিন্তু ফেডারেল রিজার্ভ সুদের হার কর্তন না করার সিদ্ধান্ত নেয়। এমনকি বৈঠক শেষে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে গৃহায়ণ খাতের বিষয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকেরা কোনোভাবেই সমস্যার প্রকটতা বুঝতে পারেননি। বুঝতে পারেননি বন্ধকি ঋণ থেকে সৃষ্ট সংকট বিরাট আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে।প্রায় পাঁচ বছর পরে ওই সময়কালের (২০০৭) ফেডারেল রিজার্ভের বৈঠকের যে প্রতিলিপি (ট্রান্সক্রিপট) গত শুক্রবার প্রকাশ করা হয়েছে, তাতে এ বিষয়গুলো উঠে এসেছে। প্রকাশিত এই দলিল থেকে আরও দেখা যায়, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন এস বের্নানকে মনে করেননি যে এই সময়ে প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলো দেউলিয়া বা প্রায় দেউলিয়া হয়ে পড়বে।একইভাবে বর্তমান অর্থমন্ত্রী টিমুথি গেইথনারও তখন আর্থিক সংকটের বিষয়টি উপেক্ষা করেছিলেন। তিনি তখন নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো যে অর্থসংকটের চাপে পড়েছে, তার তেমন কোনো আভাস আমাদের কাছে নেই।’বৈঠকে সেন্ট লুইস ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট উইলিয়াম পোলে তাঁর সহকর্মীদের বলেছিলেন, আর্থিক খাতে বিপর্যয় ঘটলেও তা সামগ্রিক অর্থনীতিতে মৌলিকভাবে কোনো পরিবর্তন ঘটাবে না। কিন্তু মঙ্গলবার তাদের এই বৈঠকের দুই দিন পরই বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সেখানকার ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে ঋণসহায়তা প্রদান করে। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে ফেডারেল রিজার্ভও নড়েচড়ে বসে। উইলিয়াম পোলে তাৎক্ষণিকভাবে সেন্ট লুইস ফেডের পর্ষদকে সুদের হার কমিয়ে ঋণ জোগান দেওয়ার জন্য আহ্বান জানান। তবে পরদিন সকালে তড়িঘড়ি করে ডাকা এক বৈঠকে বের্নানকে তাঁর সহকর্মীদের বলেন, ‘বাজার স্বাভাবিকভাবে চলছে না।’সাবেক অধ্যাপক ও আর্থিক মন্দা নিয়ে কাজ করায় খ্যাত বের্নানকে পরিস্থিতির ভয়াবহতাকে খাটো করে দেখে বরং অন্যদের এটা বোঝাতে চেষ্টা করেন, ব্যক্তি বিনিয়োগকারীরা সরে যাচ্ছেন বলেই ফেড আর্থিক ব্যবস্থায় অর্থ জোগান দিচ্ছে।বের্নানকে বলেন, ‘এটা বাজারের ক্রিয়াকলাপের বিষয়, কাউকে উদ্ধার করার কোনো বিষয় নয়।’ওই ঘটনার পাঁচ বছর পরও ফেড আর্থিক খাতকে চাঙা করতে যখন অর্থ জোগান দিয়ে চলেছে, তখন অবমুক্ত করা কার্যবিবরণী ও প্রতিলিপি আর্থিক সংকট মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার ওপর নতুনভাবে আলোকপাতের সুযোগ তৈরি করেছে।প্রকাশিত দলিল থেকে এটাই প্রতীয়মান হয়, বের্নানকে ও তাঁর সহকর্মীরা আর্থিক খাতে হস্তক্ষেপ করার বিষয়ে দ্বিধায় ভুগছিলেন। বিশেষত, অর্থনীতি যে মন্দাগ্রস্ত হয়ে পড়ছে, ওই সময়ে তার বড় কোনো নিদর্শন তাঁদের গোচরীভূত হয়নি। বরং কেউ কেউ এই ভেবে শঙ্কিত হয়ে পড়েন যে অর্থনীতি অতিমাত্রায় উত্তপ্ত (ওভারহিটেড) হয়ে উঠতে যাচ্ছে যা কি না মূল্যস্ফীতিকে উসকে দেবে। অথচ এর মাত্র চার মাসের মাথায় ফেড যখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পূর্ণ সক্রিয় হয়ে ওঠে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দার মধ্যে ঢুকে পড়েছে।ফেডের নীতিনির্ধারকেরা অনেক বেশি অর্থনৈতিক মডেলনির্ভর হয়ে পড়ায় ধাবমান সমস্যা সম্যকভাবে অনুধাবনে ব্যর্থ হন তাঁরা। ২০০৭ সালের দলিলপত্র থেকে আরও পরিষ্কার হয়, আবাসনবাজারের পরিস্থিতি সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বেশ পরিতুষ্ট ছিল। বন্ধকি ঋণ শোধ করতে না পেরে লোকজন গৃহহীন হচ্ছে আর ঋণের অর্থ ফেরত না পেয়ে প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সংকুচিত হচ্ছে—এসব তথ্য জানার পরও পুরো জাতির ওপর এর প্রভাব কত সুদূরপ্রসারী হতে পারে, তা তাঁরা বুঝতে পারেননি। সূত্র: বিবিসি ও নিউইয়র্ক টাইমস।