আর্থিক সংস্কারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত দায়িত্ব পালনে আন্তর্জাতিক মান বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থাপনা সংস্কারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার বিষয়ে আগাম সতর্কতা পেতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেশি ছিল। তবে তিনি এও বলেছেন, বহু দেশ বিশ্বমন্দাজনিত বিপর্যয় এড়াতে সক্ষম না হলেও বাংলাদেশ পেরেছে। এর প্রমাণ হচ্ছে, গত বছরে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের চার দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন। এ সাফল্য অর্জনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজধানীর একটি হোটেলে গত সোমবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আন্তর্জাতিক সম্মেলন-২০১০-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি)। এ সম্মেলনে সার্কভুক্ত বিভিন্ন দেশের ৪৫ জন প্রতিনিধিসহ প্রায় ৫০০ অ্যাকাউন্ট্যান্ট যোগ দেন।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সভাপতি কমল বাহাদুর চিত্রকর। এ ছাড়া আইসিএবির সভাপতি জামাল উদ্দিন আহমেদ, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান এবং আইসিএবির সহসভাপতি এম আবদুস সালাম সম্মেলনে বক্তব্য দেন। বাণিজ্যমন্ত্রী ২০১৫ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, এলিভেটেড হাইওয়ে নির্মাণ, পদ্মা নদীর ওপর সেতু নির্মাণসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা উল্লেখ করেন। ফারুক খান বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অবস্থানগত কারণে সমাজের সচ্ছল মানুষ। সে জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজে পিছিয়ে পড়া গ্রামীণ সাধারণ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার জন্য তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।