বাংলাদেশের মোবাইল অপারেটর রবি-এয়ারটেল একীভূত হলে প্রতিষ্ঠান দুটির আর্থিক সক্ষমতা বাড়বে। এতে দেশটির প্রতিযোগিতাপূর্ণ টেলিযোগাযোগ খাতে একীভূত অপারেটরটির শক্তিশালী বাজার অবস্থানও নিশ্চিত হবে। আন্তর্জাতিক ঋণমান (ক্রেডিট রেটিং) নির্ধারণী প্রতিষ্ঠান মুডির এক মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রবি-এয়ারটেলের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল গত ২৮ জানুয়ারি বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার জন্য আনুষ্ঠানিক চুক্তি করেছে। বিষয়টি চূড়ান্তভাবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল হলেও আজিয়াটা গ্রুপ ও ভারতী এয়ারটেলের বিষয়টি ‘ক্রেডিট পজিটিভ’। অর্থাৎ একীভূত প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, ঋণ পরিশোধের ক্ষমতা আগের চেয়ে বাড়বে।
মুডির রেটিং অনুযায়ী, আজিয়াটা গ্রুপ বারহাদের ক্রেডিট রেটিং (বিএএটু স্টেবল) স্থিতিশীল ও মধ্যম মানের। ভারতী এয়ারটেলের ক্রেডিট রেটিংও (বিএএথ্রি স্টেবল) প্রায় একই পর্যায়ের। আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল যথাক্রমে মালয়েশিয়া ও ভারতের পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান। বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে এ ঋণমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ গতকাল শনিবার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সার্বিক প্রতিযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, একীভূত হওয়ার এ প্রক্রিয়া চলতি বছরের জুনে সম্পন্ন হতে পারে। তবে একীভূত হলে এর ব্যবসায়িক সুফল পেতে দু-তিন বছর লাগতে পারে। আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি দেশের টেলিযোগাযোগ খাতে একীভূত অপারেটরটির বাজার অবস্থান আগের চেয়ে শক্তিশালী হবে। যৌথ সক্ষমতা কাজে লাগিয়ে একীভূত অপারেটর মোবাইল নেটওয়ার্ক বাড়াতে বেশি বিনিয়োগ করতে পারবে। একই সঙ্গে তাদের পরিচালন ব্যয়ও কমে আসবে।
তবে এ ঘটনা বর্তমানে বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলালিংকের আর্থিক সক্ষমতাকে কমাবে বলে মনে করে মুডি। এ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ৩ কোটি ৯০ লাখ গ্রাহক ও ২৯ শতাংশ বাজার দখল নিয়ে বাংলালিংককে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে রবি-এয়ারটেল। আর তীব্র প্রতিযোগিতায় বাংলালিংকের বাজার অংশ ২৫ শতাংশে নেমে আসবে, যা ২০১০ সালে ছিল ২৮ শতাংশ।
তরঙ্গের বিষয়ে মুডির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সব অপারেটরের মধ্যে একীভূত রবি-এয়ারটেল হবে সর্বোচ্চ তরঙ্গের মালিক। একীভূত রবি-এয়ারটেলের মোট তরঙ্গের পরিমাণ দাঁড়াবে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজ। বর্তমানে গ্রামীণফোনের কাছে সর্বোচ্চ ৩২ মেগাহার্টজ তরঙ্গ আছে।
মুঠোফোনভিত্তিক ইন্টারনেট সেবার জন্য তরঙ্গের গুরুত্ব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ডেটা সেবার বাজার ধরার জন্য এই তরঙ্গ সহায়ক হবে। এতে ইন্টারনেট ডেটা ব্যবসা থেকে একীভূত অপারেটরটির আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
একীভূত হওয়ার এ ঘটনা আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেলের ক্রেডিট রেটিং বৃদ্ধিতে সহায়ক হলেও তা প্রতিষ্ঠান দুটির বার্ষিক আয়ে খুব একটা প্রভাব ফেলবে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আজিয়াটার মোট আয়ে রবির অবদান ১৩ শতাংশ। আর ভারতী এয়ারটেলের মোট আয়ে এয়ারটেল বাংলাদেশের অবদান ২ শতাংশেরও কম।