আর্থিক সেবার অনুমোদন পাবে না মুঠোফোন অপারেটররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সার্ক অঞ্চলে মোবাইল ব্যাংকিং সেবার প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারটি শেষ হয়েছে বিকাশের একক আধিপত্য ও আর্থিক অনিয়মের আলোচনার মাধ্যমে। আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকেরা বলেছেন, প্রযুক্তির ব্যবহারের ফলে আর্থিক অনিয়ম বাড়ছে। অর্থ পাচারের অন্যতম উৎসও এখন মোবাইল ব্যাংকিং। ফলে মুঠোফোন অপারেটরদের আর্থিক সেবা পরিচালনার অনুমোদন দেওয়া যাবে না। বিকাশের আধিপত্য কমাতে এ সেবায় আরও প্রতিযোগী বাড়াতে হবে।
গতকাল সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে ‘সার্ক ফাইন্যান্স সেমিনার অন ইমপেক্টস অব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন দ্য সার্ক রিজিওন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ এ সেমিনারের আয়োজন করে। ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গভর্নর ফজলে কবির। এতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেন, সার্কভুক্ত দেশগুলোতে বিভিন্ন মডেলে মোবাইলে আর্থিক সেবা চালু আছে। তবে বাংলাদেশে শুধু ব্যাংকের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে, যা পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে আছে। প্রযুক্তির উৎকর্ষ দিন দিন বাড়ছে। এ সময়ে মোবাইল ব্যাংকিং অর্থ পাচারের বড় হাতিয়ার হতে পারে। বাড়ছে আর্থিক জালিয়াতি ও প্রতারণার ঘটনাও। এসব প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তি আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
ফজলে কবির বলেন, সারা দেশের বিস্তৃত মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকিং সেবাবঞ্চিতদের সেবা দিতে ২০১১ সালে নীতিমালা প্রণয়ন করা হয়। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পল্লি এলাকাতেও সেবা পৌঁছানো সম্ভব। এখন ব্যাংক শাখার খরচ কমিয়ে কীভাবে আর্থিক, বিমা ও অন্যান্য সেবা দেওয়া যায়, তা নিয়ে দ্বিতীয় পর্যায়ের কাজের সময় এসেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সন্ত্রাসে অর্থায়ন করা সহজ। কিন্তু তফসিলি ব্যাংকগুলোকে কঠোরভাবে তদারক করে বাংলাদেশ ব্যাংক। এতে সন্ত্রাসে অর্থায়নের সুযোগ থাকে না। অন্যদিকে মোবাইল অপারেটরের ক্ষেত্রে এ তদারকি কঠিন। তাই মোবাইল অপারেটরদের ব্যাংকিং সেবার লাইসেন্স দেওয়া হবে না।
দিনব্যাপী চলা এ সেমিনারে অংশগ্রহণকারীরা মোবাইল ব্যাংকিংয়ের অতিরিক্ত খরচ ও বিকাশের মাধ্যমে তিন-চতুর্থাংশ লেনদেন সম্পন্ন হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কী, সে ব্যাপারেও জানতে চান।
মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক বাকী খলিলি বলেন, বিকাশের ব্যবসায়িক কৌশল, ব্র্যান্ডিং, অবকাঠামো ও নেটওয়ার্ক অন্যদের চেয়ে ভালো। এ কারণে তারা অন্যদের চেয়ে এগিয়ে আছে।
মূল প্রবন্ধে বলা হয়, যেসব অঞ্চলে যাতায়াত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল, সে অঞ্চলে বেশি মোবাইল ব্যাংকিং ব্যবহৃত হচ্ছে। বরিশালের ৪৩ শতাংশ মানুষ এ সেবা ব্যবহার করছে। সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী ও প্রণোদনা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন করা উচিত।
এস কে সুর চৌধুরী বলেন, বর্তমানে দেশে ৫৭টি তফসিলি ব্যাংক রয়েছে। এর মধ্যে ২৫টি ব্যাংককে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লাইসেন্স দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। তাদের এ কার্যক্রম নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু মুঠোফোন অপারেটরদের নিয়ন্ত্রণ করে বিটিআরসি। তাই মুঠোফোন অপারেটরগুলোকে ব্যাংকিং কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে না। তাদের কাজে অনিয়ম হলে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কিছু করার থাকবে না।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে দৈনিক ৬৯০ কোটি টাকা লেনদেন হয়। মোট ৬ লাখ ৭১ হাজার এজেন্ট এ সেবা দিচ্ছে। তবে আর্থিক লেনদেনে ঝুঁকি এড়ানো সব সময়ই চ্যালেঞ্জিং।