আর্থিক সেবায় নারীদের এগিয়ে নিচ্ছে মোবাইল ও এজেন্ট ব্যাংকিং
এই দুই সেবায় নারী-পুরুষ গ্রাহক কাছাকাছি, যা নারীদের আনুষ্ঠানিক আর্থিক সেবায় আনতেও এই দুই সেবা রাখছে বড় ভূমিকা। নারীদের দিয়েছে আর্থিক স্বাধীনতা।
নারীরা এখনো ব্যাংকে যেতে ভয় পান। এই কারণে দেশের ব্যাংকিং ব্যবস্থায় পুরুষের তুলনায় নারী গ্রাহক অর্ধেকের কম। তবে হাতের কাছে ও বাড়ির পাশে সেবা পৌঁছে যাওয়ায় মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সেবায় নারী-পুরুষ গ্রাহক প্রায় সমান। এতে নারীরা এখন নিজের টাকা নিজের হিসাবে জমা রাখছেন। নারীদের আনুষ্ঠানিক আর্থিক সেবায় আনতেও এই দুই সেবা রাখছে বড় ভূমিকা।
মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) বিকাশ, রকেট ও নগদের গ্রাহকেরা হাতের মুঠোয় থাকা মুঠোফোন দিয়ে সেবা নিতে পারছেন। এখন হিসাব খোলার জন্য কোথাও যেতে হচ্ছে না। নিজের ফোনেই নিজের হিসাব খুলতে পারছেন। আর এজেন্ট ব্যাংকিং সেবায় ব্যাংকের এজেন্টরা পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত গ্রামে। অনেকের বাড়ির পাশে। অনেক এজেন্ট বাসায় গিয়েও হিসাব খুলে দিচ্ছে। ফলে এই দুই সেবায় নারীর অংশ অন্য আর্থিক সেবার চেয়ে বেশি।
জানা গেছে, এজেন্ট ব্যাংকিং সেবায় গত ডিসেম্বর পর্যন্ত পুরুষ গ্রাহকের হিসাব ৭৩ লাখ ২৯ হাজার ৯১৭টি। একই সময়ে নারী গ্রাহক হিসাব ছিল ৬২ লাখ ৫০ হাজার ৩১টি। তবে এজেন্ট ব্যাংকিং সেবা দেওয়া কোনো কোনো ব্যাংকের নারী হিসাব ও পুরুষ হিসাব প্রায় সমান। এজেন্ট ব্যাংকিং সেবায় সারা দেশে ১৯ হাজার ২৪৭টি আউটলেটের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে নারী এজেন্টও উল্লেখ করার মতো।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী শুরু থেকে এজেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘরে আটকে থাকা নারীদের ব্যাংকিং সেবায় এনেছে এজেন্ট ব্যাংকিং। কারণ, এজেন্টরা বাড়ির পাশে পৌঁছে গেছে। আবার অনেক এজেন্ট বাড়ি বাড়ি গিয়ে হিসাব খুলছে, সেবা দিচ্ছে। এই কারণে এজেন্ট ব্যাংকিংয়ে পুরুষের হিসাবের কাছাকাছি পৌঁছে গেছে নারীদের হিসাবের সংখ্যা, যা নারীর ক্ষমতায়নকে বাড়াবে, সমতাও গড়বে।
এদিকে প্রায় এক দশক আগে চালু হওয়া এমএফএসে এখন নেতৃত্ব দিচ্ছে বিকাশ। এরপরই রয়েছে রকেট, এমক্যাশ, উপায়, ট্যাপসহ আরও কয়েকটি সেবা। এ ছাড়া ডাক বিভাগের সেবা নগদও এই বাজারের বড় অংশীদার। নিজের মুঠোফোনে নিজের হিসাব, এই কারণে এমএফএস দ্রুত ছড়িয়ে পড়েছে।
এজেন্ট ব্যাংকিং সেবায় গত ডিসেম্বর পর্যন্ত পুরুষ গ্রাহকের হিসাব ৭৩ লাখ ২৯ হাজার ৯১৭টি। একই সময়ে নারী গ্রাহক হিসাব ছিল ৬২ লাখ ৫০ হাজার ৩১টি। তবে এজেন্ট ব্যাংকিং সেবা দেওয়া কোনো কোনো ব্যাংকের নারী হিসাব ও পুরুষ হিসাব প্রায় সমান।
এই সেবায় গত ডিসেম্বর পর্যন্ত (নগদ বাদে) গ্রাহক ছিল ১১ কোটি ১৫ লাখ। এর মধ্যে ৬ কোটি ১৩ লাখ পুরুষ গ্রাহক ও ৪ কোটি ৯৮ লাখ নারী গ্রাহক। একজন গ্রাহক একাধিক সেবায় হিসাব খুলতে পারেন, এ জন্য নারী-পুরুষ গ্রাহকের হিসাবে তারতম্য হতে পারে। তবে এখন এমন কোনো গ্রাম নেই, যেখানে কোনো না কোনো এমএফএস সেবার উপস্থিতি নেই। দেশজুড়ে ১ লাখ ১২ হাজার এজেন্ট কাজ করছে মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার জন্য।
রকেট সেবাদাতা ডাচ্বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রথম আলোকে বলেন, এই দুই সেবা বাড়ির পাশে পৌঁছে গেছে। এ জন্য নারী হিসাবধারী বেড়েছে। ফলে নারীরা এখন নিজের হিসাবে টাকা জমা রাখতে পারছেন। এতে নারীর স্বাধীনতা বেড়েছে।