আল-আরাফাহ্ ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ‘হ্যালো ক্যাশ’ নামে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে এসেছে। এর ফলে গ্রাহকেরা এখন থেকে
তাঁদের মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো ধরনের অনলাইন লেনদেন, অর্থ গ্রহণ ও প্রেরণ, ইউটিলিটি বা উপযোগ সেবার বিল পরিশোধ, রেমিট্যান্স আদান-প্রদান প্রভৃতি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, পরিচালক হারুনুর রশীদ খান, আবদুল মালেক মোল্লা, খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, নিয়াজ আহমেদ, লিয়াকত আলী চৌধুরী ও খালিদ রহীম এবং ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।
নাজনীন সুলতানা মনে করেন, সেবাটি উন্নতমানের হবে ও জনগণকে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে।