আল-রাজীর পরিচালক অনুমোদন পায়নি
ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ারের মালিক সৌদিভিত্তিক আল-রাজী গ্রুপ। গ্রুপটি তাদের মনোনীত নতুন একজন পরিচালকের নাম সুপারিশ করে পাঠালে ইসলামী ব্যাংক তা অনুমোদন করে। কিন্তু তা আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, ইসলামী ব্যাংকের নেতৃত্ব পরিবর্তন হওয়ার আগেই ব্যাংকটির পর্ষদ সভায় আল-রাজী গ্রুপের পক্ষে ফয়সল আবদুল্লাহ আল-রাজীকে পরিচালক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমানে ব্যাংকটিতে আল-রাজী গ্রুপের পক্ষে পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন ইউসিফ আবদুল্লাহ আল-রাজী। ফয়সল আবদুল্লাহ আল-রাজী তাঁর ছেলে। ব্যাংকটিতে আল-রাজী গ্রুপের শেয়ারের পরিমাণ ৩৬ শতাংশ।
গত ডিসেম্বরে ব্যাংকটির পরিচালনা পর্ষদে ফয়সল আবদুল্লাহ আল-রাজীর পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়। তাতে অনুমোদন দেওয়া যাবে না বলে সম্প্রতি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, কারও পরিচালক হতে হলে কমপক্ষে ১০ বছর ব্যবস্থাপনা, ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে ফয়সল আবদুল্লাহ আল-রাজীর সে যোগ্যতা নেই। এ কারণে তাঁকে পরিচালক পদে নিয়োগ অনুমোদন করা হয়নি।
ইসলামী ব্যাংক সূত্র বলছে, ব্যাংকটির পরিচালক ইউসিফ আবদুল্লাহ আল-রাজী পরিচালনা পর্ষদের সভায় বছরে দু-তিনবারের বেশি উপস্থিত থাকেন না। ফলে ৩৬ শতাংশ শেয়ারের মালিক ব্যাংকটি কীভাবে চলছে, তার হালনাগাদ তথ্য পান না। এ কারণে ফয়সল আবদুল্লাহ আল-রাজীকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আল-রাজী গ্রুপ।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, প্রতিটি ব্যাংকে সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকার সুযোগ আছে। বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালকের সংখ্যা ১৯ জন। এর মধ্যে বিদেশি উদ্যোক্তাদের ৫২ শতাংশ শেয়ারের বিপরীতে রয়েছেন দুজন। পরিচালকদের মধ্যে স্বতন্ত্র পরিচালকই ৯ জন। গত ৫ জানুয়ারি পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেন। একই দিন নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।