আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সম্মেলনে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের একটি স্টল । প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সম্মেলনে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের একটি স্টল । প্রথম আলো

নিজেদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। তাঁরা বলেছেন, এটি করা গেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পাশাপাশি ভারি শিল্পকারখানা প্রতিষ্ঠায়ও নারীদের যুক্ত হওয়া সহজ হবে। একই সঙ্গে পণ্যের মান ও বৈচিত্র্য বৃদ্ধি করা যাবে।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী-২০১৪তে তাঁরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে এ দাবি জানান। দাবিটির সঙ্গে একমত পোষণ করেন গভর্নর। তিনি বলেন, নারীদের এ যৌক্তিক দাবি সরকারের সর্বোচ্চ মহলে জানানো হবে।
এ সম্মেলনে পাঁচ শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। আর পণ্যসামগ্রী প্রদর্শনীর জন্য ছিল ৭৮টি স্টল। মূলত উদ্যোক্তারা যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন, তাঁদের স্টলেই বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন করেন নারী উদ্যোক্তারা। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কেয়ার বাংলাদেশ, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত এসএমই খাতের পুনঃ অর্থায়ন তহবিলের ১৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।’
গভর্নর আরও বলেন, পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় নারী উদ্যোক্তারা এখন শুধু ব্যক্তিগত জামানতের বিপরীতে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিচ্ছেন। আর ক্ষুদ্র নারী উদ্যোক্তারা গ্রুপ গঠন করে ৫০ হাজার টাকা বা তার বেশি ঋণ নিতে পারছেন।
মেট্রো চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান নারী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মাধ্যমেই অনেক পরিবর্তন আসতে পারে।’ তিনি বলেন, নারীদের কাছ থেকেই শত ভাগ ঋণ ফেরত পাওয়া যায়।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার ব্যাংকগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়াকে সিএসআর (সামাজিক দায়িত্বশীলতা) মনে করবেন না, এটি এখন ভালো ব্যবসা। ব্যবসায়িক মডেল।’
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘দেশে মাত্র সাতটি উইমেন চেম্বার আছে। আশা করি সব জেলাতেই এটি হবে। তবেই নারী উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা সহজ হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম, নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত ও পরিচালক হান্নানা বেগম, ঢাকা চেম্বারের সভাপতি শাহজাহান খান, কেয়ার বাংলাদেশের এদেশীয় পরিচালক জেমি তেরজি, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি মিকিও হাতাইদা প্রমুখ।
এ ছাড়া নারী উদ্যোক্তাদের মধ্যে সাফল্যের কথা শোনান জামালপুরের দেলোয়ারা বেগম ও কুষ্টিয়ার হালিমা খাতুন।