আলাদা অর্থনৈতিক অঞ্চল হলে বিনিয়োগ বাড়বে
আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠা করা হলে বাংলাদেশের কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। এ জন্য তাঁরা বহু ব্যবহার্য ভিসা-সুবিধাও চেয়েছেন।বাংলাদেশে সফররত ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নেতারা এসব কথা বলেছেন। গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তাঁরা। এরই ফাঁকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই অভিমত প্রকাশ করেন। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মেট্রোপলিটন চেম্বারের নেতারাসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতি-নিধিদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা ঢাকা ইপিজেড ও বেপজা পরিদর্শন করেন।এর আগে গত শুক্রবার সিআইআইর ১৭ সদস্যর একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসে। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিআইআইর সভাপতি ও ভারতের গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজ।আজ রোববার প্রতিনিধিদলটির অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বিকেলে সফর নিয়ে একটি সংবাদ সম্মেলনও করবেন তাঁরা। আগামীকাল সোমবার প্রতিনিধিদলটির ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।গতকাল গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সিআইআইর সভাপতি আদি গোদরেজ বলেন, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি যথেষ্ট ভালো। ভারতের বিনিয়োগকারীদের জন্য এ দেশে বিনিয়োগ খুবই লাভজনক। এ জন্য আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করলে বিনিয়োগ আরও বাড়বে।দুটি কারণে ভারতের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, বিপুল জনসংখ্যার কারণে এ দেশে বিনিয়োগ লাভজনক। ব্যবসা করে মুনাফা করার যথেষ্ট সুযোগ এখানে রয়েছে। তা ছাড়া এ দেশ থেকে ভারতের দক্ষিণ অংশে সহজে যোগাযোগ করা যায়। তাই এ দেশে উৎপাদিত পণ্য সহজেই ভারতের বিভিন্ন রাজ্যে বিপণন করা সম্ভব।ভারতের এই ব্যবসায়ী মনে করেন, অবকাঠামো, জ্বালানি তেল, গ্যাস, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশের সরকার, ব্যবসায়ী সংগঠন ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। দুই দেশের ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে উভয়েই লাভবান হবে।ভারতীয় প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, ‘এ দেশে ভারতের বিনিয়োগ নিয়ে বিভিন্ন পর্যায়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা কিছু সুবিধা চেয়েছেন। সরকারের পক্ষ থেকেও এসব বিষয়ে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এবারের প্রতিনিধিদলে যাঁরা আছেন, তাঁরা সবাই শিল্পোদ্যোক্তা। এ দেশে শিল্প স্থাপনের উদ্দেশেই তাদের এ সফর।’