আলাদা অর্থনৈতিক অঞ্চলের দাবি নারীদের
নিজেদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। তাঁরা বলছেন, এটি করা গেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি ভারী শিল্পকারখানা প্রতিষ্ঠায় নারীদের যুক্ত হওয়া সহজ হবে। একই সঙ্গে পণ্যের মান ও বৈচিত্র্যও বৃদ্ধি করা যাবে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী-২০১৪-তে এ দাবির কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে জানান উদ্যোক্তারা। এই দাবির সঙ্গে একমত পোষণ করে গভর্নর বলেন, নারীদের এই যৌক্তিক দাবি সরকারের সর্বোচ্চ মহলে জানাবেন তিনি।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এই সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। আর পণ্যসামগ্রী প্রদর্শনীর জন্য ছিল ৭৮টি স্টল। মূলত উদ্যোক্তারা যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন, তাদের স্টলেই বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন করেন নারী উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি গভর্নর আবুল কাসেম, মেট্রো চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ঢাকা চেম্বারের সভাপতি শাহজাহান খান, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হান্নানা বেগম, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, কেয়ার বাংলাদেশের এ-দেশীয় পরিচালক জেমি তেরজি, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ মিকিও হাতাইদা, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি আলী রেজা ইফতেখার প্রমুখ।
বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কেয়ার বাংলাদেশ ও উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক এই নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনীর আয়োজন করে।