দেশব্যাপী ১২ হাজারের বেশি টাওয়ার ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র কোম্পানি খুলতে চায় গ্রামীণফোন। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন চেয়ে একটি আবেদন করেছে অপারেটরটি। এতে বলা হয়েছে, মূল ব্যবসায় বেশি মনোযোগ দিতেই নতুন টাওয়ার তৈরি, পুরোনো টাওয়ারের ব্যবস্থাপনা এবং অন্য অপারেটরের সঙ্গে টাওয়ার ভাগাভাগির বিষয়গুলো স্বতন্ত্র প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিতে চায় গ্রামীণফোন। বিটিআরসির অনুমোদন পেলে বর্তমানে অপারেটরটির নিয়ন্ত্রণে থাকা সব টাওয়ারের মালিকানা চলে যাবে নতুন কোম্পানির কাছে। একই সঙ্গে টাওয়ার পরিচালনায় দেশের বিভিন্ন স্থান বা ভবনের মালিকদের সঙ্গে গ্রামীণফোনের যে চুক্তি রয়েছে, সেগুলোও নতুন কোম্পানির নামে হবে। জানতে চাইলে গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ‘নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের বিষয়ে বিটিআরসি ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করছি। কারণ, টাওয়ার ব্যবহারের বর্তমান নীতিমালা বাস্তবায়নে নতুন কোম্পানি আরও সহায়ক ভূমিকা রাখবে।’ মুঠোফোন টাওয়ারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে ২০১৫ সালে একটি নতুন নীতিমালা করার উদ্যোগ নেয় বিটিআরসি। এ জন্য একটি খসড়া নীতিমালাও তৈরি করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সাল পর্যন্ত সব অপারেটর মিলিয়ে দেশে টাওয়ার আছে ৬৯ হাজার।
নিজস্ব প্রতিবেদক