আলিবাবার দাম এখন ১৩ হাজার কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হ্যাংঝোতে আিলবাবার সদর দপ্তরের একটি হলে খেলছেন কয়েকজন l ছবি: রয়টার্স
চীনের হ্যাংঝোতে আিলবাবার সদর দপ্তরের একটি হলে খেলছেন কয়েকজন l ছবি: রয়টার্স

চীনা ই-কমার্স বা অনলাইন কেনাবেচা প্রতিষ্ঠান আলিবাবা তার মূল্য ১৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে নির্ধারণ করেছে, যা বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বা ১০ লাখ ৬৪ হাজার কোটি টাকার সমান।
এর আগে গত মাসে কোম্পানিটির মূল্যমান ছিল ১১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার।
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (এনওয়াইএসই) তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা হাতে নেওয়ার পরিপ্রেক্ষিতে কোম্পানি হিসেবে আলিবাবার মূল্যমান নতুনভাবে নির্ধারণ করা হয়। নিউইয়র্কের শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোম্পানিটি দুই হাজার কোটি ডলার সংগ্রহ করবে। সে ক্ষেত্রে এটিই হবে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তথ্যপ্রযুক্তি খাতে এ যাবৎকালের সবচেয়ে বড় আইপিও।
আলিবাবার প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ৫৬ ডলার, যা এর আগে ৫০ ডলারে নির্ধারণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা চীনা কোম্পানিটির এই উদ্যোগ সম্পর্কে এসব তথ্য জানিয়েছে।
সম্ভাব্য বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে আলিবাবা তার পেমেন্ট প্রসেসিং বা লেনদেনপ্রক্রিয়া সম্পন্নকারী ইউনিট আলিপে সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করেছে। আলিপে পেমেন্ট ব্যবস্থাকে আলিবাবার প্রতিষ্ঠাতার মালিকানাধীন অপর একটি প্রতিষ্ঠানের কাছে ২০১১ সালে বিক্রি করার পর থেকে এটিকে প্রতিষ্ঠানটির সবচেয়ে বিতর্কিত ও সমালোচিত প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।
আলিবাবা তাদের আইপিওর আর্থিক মূল্যায়ন প্রতিবেদনে কোম্পানি পরিচালকের সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১১ করার সিদ্ধান্ত নিয়েছে। আলিবাবার করপোরেট কাঠামো অনুযায়ী, এর একদল নির্বাহী ও বহিরাগতদের সমন্বয়ে গঠিত আলিবাবা পার্টনারশিপের হাতে থাকবে কোম্পানির কর্তৃত্ব ও অধিকাংশ পরিচালক নিয়োগের ক্ষমতা। নতুন দুই পরিচালকও নিয়োগ করবে এই পার্টনারশিপ।
আলিপে বিক্রি করে দেওয়ার কারণ হিসেবে আলিবাবার আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কেন্দ্রীয় ব্যাংক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নতুন আইন করার কারণেই তাদের এ উদ্যোগ নিতে হয়েছে। লাইসেন্স বা অনুমতি পাওয়ার ক্ষেত্রে যে অনিশ্চয়তা রয়েছে সেটি এড়াতে তারা সম্পূর্ণ চীনা নাগরিকদের মালিকানাধীন প্রতিষ্ঠান আলিপের আর্থিক লেনদেন ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে আলিবাবার নতুন এই উদ্যোগে এর বৃহৎ অংশীদার ইয়াহু অসন্তুষ্ট হয়েছে। ইয়াহু কর্তৃপক্ষ ইতিপূর্বে অন্য শেয়ারহোল্ডারদের না জানিয়ে আলিপে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ায় আলিবাবার চেয়ারম্যান জ্যাক মা-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তখন অবশ্য আলিপের রয়্যালটি (মালিককে যে অর্থ দেওয়া হয়) ও আয় থেকে আলিবাবাও ভাগ পাবে, এ নিশ্চয়তা দেওয়ায় এ অভিযোগের সুরাহা হয়।
উল্লেখ্য, আলিবাবায় জ্যাক মার শেয়ার ৮ দশমিক ৯ শতাংশ। অন্যদের মধ্যে ইয়াহুর ২২ দশমিক ৫ শতাংশ ও সফটব্যাংকের ৩৪ দশমিক ৩ শতাংশ শেয়ার রয়েছে।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে আলিবাবা দ্বিতীয়বারের মতো তাদের আইপিওবিষয়ক আর্থিক প্রতিবেদনে কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করল। চীনা কোম্পানিটিকে এনওয়াইএসইতে তালিকাভুক্ত হতে হলে তাদের অবশ্যই যুক্তরাষ্ট্রের এসইসিকে সন্তুষ্ট করতে হবে।
চীনের ই-কমার্স বা অনলাইন কেনাবেচার একটি বড় অংশের নিয়ন্ত্রণ করে আলিবাবা। অনলাইনে প্রথমবার কিনতে আসা বেশির ভাগ গ্রাহকই আলিবাবার মাধ্যমে কেনাকাটা করে থাকেন চীনে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, ওয়ালস্ট্রিট জার্নাল ও রয়টার্স