আলীবাবার পথে চলতে চায় স্ন্যাপডিল

ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ই-কমার্স বা অনলাইনে ব্যবসা-বাণিজ্য করার প্রবণতাও দিন দিন বাড়ছে। সে অনুযায়ী ভারতের ইন্টারনেটভিত্তিক পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান স্ন্যাপডিল বিক্রি বাড়ানোর দিকে সর্বাত্মক নজর দিয়েছে। তবে তারা চীনের একই ধরনের কোম্পানি আলীবাবার পথ অনুসরণ করে সামনে এগোতে চাইছে।
স্ন্যাপডিলের সহপ্রতিষ্ঠাতা কুনাল বাহ্ল তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের তিন মাসের মধ্যেই মাসিক বিক্রির পরিমাণ বর্তমান ২৫ কোটি রুপি (৪২ লাখ মার্কিন ডলার) থেকে বাড়িয়ে ১০০ কোটি রুপিতে উন্নীত করার আহ্বান জানিয়েছেন।
ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি ভারতীয় মধ্যবিত্ত শ্রেণি দিন দিন অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকছে। আর এই সুযোগটিই কাজে লাগাতে চায় মাত্র আড়াই বছরের প্রতিষ্ঠান স্ন্যাপডিল।
৩০ বছর বয়সী উদ্যোক্তা কুনাল বাহ্ল বলেন, মানুষ যদি আলীবাবার কাহিনি জানেন তাহলে তাঁরা সহজেই স্ন্যাপডিলের কার্যক্রমও বুঝতে পারবেন। কারণ, সত্যিকার অর্থে এটিও একই ধরনের ব্যবসা।
বর্তমানে ভারতজুড়ে স্ন্যাপডিলের ৩০ হাজার শাখা রয়েছে। আর এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্রেতাদের জন্য আছে ৫০ লাখ পণ্যের বিশাল তালিকা।
আর স্ন্যাপডিলের মোট বার্ষিক বিক্রির পরিমাণ শিগগিরই ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে এর উদ্যোক্তারা আশা করছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্ট অবশ্য এরই মধ্যে বছরে শত কোটি ডলারের পণ্য বিক্রির মাইলফলক অতিক্রম করেছে।
স্ন্যাপডিল অবশ্য এখনো চৈনিক অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান আলীবাবার চেয়ে ঢের ছোট। তবে তারা আলীবাবার পরামর্শ নিয়ে সামনে এগোতে চায়। তাই তো কুনাল সম্প্রতি হংকং সফরকালে আলীবাবার জ্যেষ্ঠ নির্বাহীদের সঙ্গে বৈঠক করে পরামর্শ চেয়েছেন।
ব্যবসা বিকাশের লক্ষ্যে আলীবাবার মতো স্ন্যাপডিলও আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পঁুজিবাজার থেকে তহবিল সংগ্রহের কথা বিবেচনা করছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির সম্পদের মূল্যমান ১০০ কোটি ডলার। তবে পঁুজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময়ে তারা তহবিলের পরিমাণ ৫০০ কোটি ডলারে উন্নীত করতে আশাবাদী।
নয়াদিল্লিভিত্তিক খুচরা বিক্রিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান টেকনোপ্যাকের পূর্বাভাস অনুযায়ী ভারতে ২০১৯ সাল নাগাদ অনলাইনে খুচরা বিক্রির পরিমাণ বেড়ে মোট বিক্রির ২ থেকে ৪ শতাংশে উঠবে; যা বর্তমানে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।
স্ন্যাপডিল সম্প্রতি মুঠোফোনেও পণ্য বিক্রির অর্ডার বা ফরমায়েশ নিতে শুরু করেছে। এতে তারা ভালো সাড়া পাচ্ছে।
ভারতে ১২০ কোটি মানুষের মধ্যে বর্তমানে ২৪ কোটি ইন্টারনেট সেবার আওতায় রয়েছে। অর্থাৎ প্রতি পাঁচজনে একজন ইন্টারনেট ব্যবহার করেন।
কুনাল বাহ্ল বলেন, মানুষ আশা করছে ভারতে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে অনলাইনে কেনাকাটার পরিমাণ বেড়ে পাঁচ হাজার কোটি থেকে সাড়ে সাত হাজার কোটি ডলারে উঠতে পারে।