আলু আমদানির অনুমতি না দেওয়ার দাবি
প্রতিবেশী দেশ থেকে আলু আমদানির অনুমতি না দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।
এক বিজ্ঞপ্তিতে গত শনিবার এমন অনুরোধ জানায় সংগঠনটি। একটি মহল প্রতিবেশী দেশ থেকে আলু আমদানির পাঁয়তারা করছে অভিযোগ করে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলেছে, এ বছর দেশের হিমাগারগুলোতে ৩৪ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে। এখনো প্রায় ৩০ শতাংশ বীজ ও খাওয়ার আলু অবিক্রীত অবস্থায় হিমাগারে রয়েছে। এ অবস্থায় আলু আমদানি করা হলে কৃষকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং সংরক্ষিত আলু হিমাগারে অবিক্রীত পড়ে থাকবে।
সংগঠনটি বলেছে, বাজারে এখন ২৪-২৮ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এবং কৃষকেরা কেজিপ্রতি ১৯-২২ টাকা দাম পাচ্ছেন। হিমাগারগুলোতে যে আলু সংরক্ষিত আছে তার অর্ধেক কৃষকেরা বীজ হিসেবে জমিতে লাগাবেন। বাকিটা বাজারে বিক্রি করে আলু চাষের জন্য ব্যয় করবেন। অন্যদিকে ১৫-২০ দিনের মধ্যেই আগাম আলু বাজারে আসবে। এই অবস্থায় আলু আমদানির সুযোগ দেওয়া ঠিক হবে না।