আলু রপ্তানি করছে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ আলু রপ্তানি শুরু করেছে। ৯ ফেব্রুয়ারি ৫২ মেট্রিক টন আলুর প্রথম চালান চট্টগ্রাম বন্দর দিয়ে মালয়েশিয়ায় পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার প্রাণ জানিয়েছে, চলতি বছর ২০ হাজার টন আলু রপ্তানির লক্ষ্য ঠিক করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় বছরের মতো আলু রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণ চুক্তিভিত্তিক কৃষকদের কাছ থেকে গ্রানুলা, ডায়মন্ট ও অ্যাসটেরিক্স জাতের মানসম্পন্ন আলু সংগ্রহ করে। বর্তমানে দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে প্রাণের প্রায় ২ হাজার চুক্তিবদ্ধ আলুচাষি রয়েছেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘গত বছর আমরা আলু রপ্তানি শুরু করি। আশাব্যাঞ্জক সাড়া পাওয়ায় এ বছর আমাদের ব্যাপক পরিমাণে আলু রপ্তানির পরিকল্পনা রয়েছে।’ তিনি আরও বলেন, মালয়েশিয়া ছাড়াও এ বছর ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কাতার, জাপান ও শ্রীলঙ্কায় আলু রপ্তানির পরিকল্পনা রয়েছে।