আলু রপ্তানি শুরু করেছে প্রাণ
মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইতে আলু রপ্তানি শুরু করেছে প্রাণ। এসব দেশে প্রায় চার হাজার মেট্রিক টন আলুর চালান পাঠানোর মধ্য দিয়ে প্রাণ সম্প্রতি এ কার্যক্রম শুরু করল। শিগগির সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, কাতার, হংকং, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশেও প্যাকেটজাত আলু রপ্তানি করা হবে। সব মিলিয়ে চলতি বছরে প্রাণের আলু রপ্তানির লক্ষ্যমাত্রা হলো ৪০ হাজার মেট্রিক টন। প্রাণের প্রধান রপ্তানি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তাঁরা গ্রানুলা, ডায়মন্ড, অ্যাসটেরিক্স ও কারেজ জাতের আলু রপ্তানি করছেন। প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, ‘আমরা দেশের উত্তরাঞ্চলের জেলাসমূহে নিজস্ব চুক্তিভিত্তিক কৃষকদের মাধ্যমে আলু চাষ করছি। এসব কৃষকের কাছ থেকে সংগৃহীত আলু বাছাইয়ের পরে প্যাকেজিং করে রপ্তানি করা হচ্ছে।’ প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘বিদেশে আলু রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ রয়েছে। ভবিষ্যতে আমরা অন্যান্য সবজিও রপ্তানি করব বলে আশা করি।’ বর্তমানে বিশ্বের ১২৪টি দেশে নিয়মিতভাবে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে।
বিজ্ঞপ্তি