আলু রপ্তানিতে নগদ সহায়তা বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলু রপ্তানিতে নগদ সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন রপ্তানিকারকেরা। একই সঙ্গে তাঁরা রাশিয়া ও ইন্দোনেশিয়ায় আলু রপ্তানিতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করারও আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) নেতারা এসব আহ্বান জানান।

সংগঠনটির নেতারা বলেছেন, ২০১১ সাল থেকে সরকারের পক্ষ থেকে আলু রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়। এর ফলে আলু রপ্তানিও বাড়তে থাকে। কিন্তু গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে নগদ সহায়তার পরিমাণ ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে। এর ফলে রপ্তানিতে বিরূপ প্রভাব পড়েছে। তাই রপ্তানিকারকেরা আলু রপ্তানিতে আগের মতো ২০ শতাংশ নগদ সহায়তার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপিইএর সভাপতি শেখ আবদুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব মোরশেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বশেষ ২০১৪-১৫ সালে বাংলাদেশ ১ লাখ ১৬ হাজার টন আলু রপ্তানি করে। ২০১৩ সাল থেকে আলু রপ্তানির বড় বাজার ছিল রাশিয়া। কিন্তু ২০১৫ সাল থেকে দেশটিতে আলু রপ্তানি স্থগিত রয়েছে। এ ছাড়া খাদ্য নিরাপত্তা ল্যাবরেটরির নিবন্ধনের অভাবে চলতি বছর থেকে রপ্তানির অন্য বাজার ইন্দোনেশিয়ায়ও রপ্তানি বন্ধ রয়েছে। এর ফলে ২০১৫-১৬ অর্থবছরে আলু রপ্তানি আয় কমে এক কোটি মার্কিন ডলারে নেমে আসে। যেখানে ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ কোটি ২২ লাখ ডলারেরও বেশি।

বিপিইএ নেতারা বলেন, আলু রপ্তানির বিপুল সম্ভাবনা থাকলেও রপ্তানি উপযোগী জাত ও গবেষণার অভাবে এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হচ্ছে না। রপ্তানি বাজারে এখন লম্বা উজ্জ্বল ও চকচকে আলুর চাহিদা বেশি। কিন্তু সেখানে ১৬ বছর ধরে বাংলাদেশ গোলাকার ও অনুজ্জ্বল জাতের গ্র্যানোলা আলু রপ্তানি করছে। দেশের চাষিরাও গ্র্যানোলা জাতের আলু চাষে আগ্রহ হারিয়েছেন। এ অবস্থায় রপ্তানি উপযোগী জাতের আলুর চাষ না বাড়ালে রপ্তানি বাজার হারাবে বাংলাদেশ।

আলু রপ্তানির পথে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠনের দাবি জানান রপ্তানিকারকেরা। রপ্তানি উপযোগী জাতের ঘাটতি মোকাবিলায় প্রয়োজনীয় ২৫ টন বীজ আলু আমদানির অনুমোদন দেওয়ার জন্যও আহ্বান জানান বিপিইএ নেতারা।