আলু রপ্তানিতে নগদ সহায়তা ৪০ শতাংশ নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আলুচাষিদের টিকিয়ে রাখতে আলু রপ্তানি বাড়ানোর লক্ষ্যে নগদ সহায়তার হার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, ত্রাণ, ভিজিএফ ও ভিজিডি কার্ডে সরকারিভাবে আলু বিতরণের সুপারিশ করেছে সমিতি।সমিতির সভাপতি মো. জসীম উদ্দীন গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বর্তমান সরকার আলুর বীজ, সার ও কীটনাশকের মূল্য হ্রাস করায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় চলতি ২০১০ সালে দেশে প্রায় এক কোটি টন আলু উত্পাদিত হয়েছে। চলতি বছরে দেশের ৩১৩টি হিমাগারে প্রায় ২৫ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে। আলুর উত্পাদন বেশি হওয়ায় অন্যান্য শাকসবজি ও তরিতরকারির তুলনায় বর্তমান বাজারে আলুর দাম কম এবং ভোক্তাদের সহনীয় পর্যায়ে আছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর আগস্ট পর্যন্ত হিমাগারের সংরক্ষিত আলু ৩৫ শতাংশ খালাস হলেও এ বছর আলু খালাস হয়েছে মাত্র পাঁচ থেকে সাত শতাংশ। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও হিমাগারগুলোতে স্থান ও প্রকারভেদে কেজিপ্রতি পাঁচ থেকে সাত টাকায় বিক্রি হচ্ছে। অথচ কৃষকের উত্পাদন ব্যয় কেজিপ্রতি প্রায় ১২ টাকা। চাহিদা না থাকায় আলু খালাস করা সম্ভব হচ্ছে না। চলতি বছর প্রায় পাঁচ লাখ টন আলু অবিক্রীত থাকবে বলে তিনি আশঙ্কা করেছেন।আবার হিমাগারগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের ফলে সংরক্ষিত খাওয়ার আলু ও বীজ চরম হুমকির মুখে। দেশীয় আলুচাষিদের স্বার্থে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন দেশের বন্ধ হয়ে থাকা পটেটো ফ্লেক্স শিল্পগুলো অবিলম্বে চালু ও পটেটো ফ্লেক্স রপ্তানিতে নগদ সহায়তা বাড়ানোর সুপারিশ করেছে। সমিতি আরও বলেছে, বাংলাদেশ সরকার সম্প্রতি পাকিস্তানের বন্যাকবলিত জনগণের সাহায্যার্থে রাষ্ট্রীয়ভাবে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। আর ত্রাণের অংশ হিসেবে সমিতি কৃষকদের উত্পাদিত আলু পাঠানোর প্রস্তাব করেছে।