আলুর দরপতনে শঙ্কায় চাষিরা
ঢাকার কোনো ভোক্তা বা গৃহকর্তা যদি তাঁর বাজারের ফর্দটি সংরক্ষণ করে থাকেন, তবে দেখতে পারবেন নভেম্বরের ৮ তারিখে আলুর দর ছিল কেজিপ্রতি ২৮ কিংবা ৩০ টাকা। গতবার অবশ্য আলুর খুচরা দর ৩০ টাকাও ছাড়িয়ে গিয়েছিল। আলুর চড়া বাজার নিয়ে অনেক আলোচনা এবং আলু আমদানির প্রস্তুতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ফাইল চালাচালি সবই হয়েছে, তবে ভোক্তাদের কোনো লাভ হয়নি। সেই আলুই এবার পানির দরে। গতকাল শনিবার ঢাকার অধিকাংশ বাজারে আলুর খুচর দর ছিল প্রতি কেজি ১১ থেকে ১২ টাকা। গতকাল ভোরে শ্যামবাজারের আড়তগুলোতে সাদা গোল আলু বা গ্রানোলা আলুর দর ছিল প্রতি কেজি আট টাকা ২০ পয়সা থেকে আট টাকা ৮০ পয়সা। বগুড়ার মোকামতলা ও জয়পুরহাটের কালাইয়ের মোকামগুলোতে আলুর পাইকারি দর ছিল ছয় টাকা ৫০ পয়সা থেকে সাত টাকার মধ্যে। আলুর জন্য এবার আবহাওয়া বেশ ভালো ছিল। আর এ কারণেই বাম্পার ফলন পেতে যাচ্ছেন কৃষক। জয়পুরহাটের আলুচাষি কাজেম আলীসহ চাষিরা এ জন্য ধন্যবাদ দিচ্ছেন সরকারকে। তাঁদের মতে, সারের দাম ভালো ছিল এবার।ফলন খুব ভালো হচ্ছে। তাই এখন পর্যন্ত দরটি যেখানে আছে, তাতে লোকসান হবে না চাষির। তবে তাঁদের আশঙ্কা, দাম আরও পড়ে গেলে এই অতিফলনই হবে কৃষকের মরণ। আগাম ফলন ঘরে তোলার হিসেবে আলুর মৌসুম শুরু হয় নভেম্বরের শেষে। উত্তরাঞ্চলের জেলাগুলোতেই শুরু হয় আলুর আগাম ফলন। শেষ দিকে আসে মুন্সিগঞ্জের আলু। এ অঞ্চলে জানুয়ারির শেষ দিকে আলু তোলা শুরু হয় আর চলে মার্চের শেষ পর্যন্ত।শ্যামবাজারের পাইকার রাকিব হোসেন জানালেন, এবার ফেব্রুয়ারির ৭ তারিখেও মুন্সিগঞ্জের আলুচাষিরা হাত গুটিয়ে বসে আছেন। কারণ, আলুর দর এবার মৌসুমের মাঝামাঝিই এত পড়ে গেছে যে তাঁরা আর একটু অপেক্ষা করতে চাইছেন। শুধু মুুন্সিগঞ্জই নয়, উত্তরাঞ্চলের জেলাগুলোতেই এখনো আরও অনেক আলু জমিতে রয়ে গেছে। তাই অনেকের আশঙ্কা, মোকামে সরবরাহ আরও বাড়লে আলুর দর পাঁচ টাকার নিচে চলে যেতে পারে। তখন কৃষক দর পারেন আরও অনেক কম।গতবার আলুর ফলন খারাপ হয়েছিল, তাই বাজারও ছিল চড়া। তবে আগেরবারই আরেকটি বাম্পার ফলন হয়েছিল, আর পানির দরেও তা বিক্রি হয়েছিল। সেবার সবচেয়ে বেশি সংকট হয়েছিল হিমাগার নিয়ে; এবারও পরিস্থিতি একই। হিমাগারের সামনে রাত জেগে আলু নিয়ে চাষি আর মৌসুমি মজুুদদারদের অপেক্ষা এবং জায়গা না পেয়ে আলু ফিরিয়ে নেওয়ায় ঘটনা এবারও ঘটবে? সেবারের অভিজ্ঞতা থেকে সরকার শিক্ষা নিয়েছে, তা বলা যাবে না। কৃষকবান্ধব কোনো সংরক্ষণব্যবস্থা করা যায়নি। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে আলুচাষির অবস্থা এবার ভালো হবে।এখান আলু সংরক্ষণ করেন মূলত রাখি বা মৌসুমি কৃষিপণ্যের ব্যবসায়ী ও হিমাগার-মালিকেরা। কিছু সম্পন্ন আলুচাষিও সংরক্ষণে অংশ নেন। তবে সাধারণ চাষিরা রাখেন না এবং এ জন্য এমন কোনো উত্সাহমূলক ব্যবস্থাও গড়ে তোলেনি সরকার।বেসরকারি খাতের প্রায় ৩০০ হিমাগারের ধারণক্ষমতা প্রায় ২৪ লাখ টন আর সরকারি হিমাগারের ধারণক্ষমতা ২০ হাজার টনেরও কম।—জানালেন বাংলাদেশ কোল্ডস্টোরেজ মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, এবার বাম্পার ফলন দেখে মনে হচ্ছে, বেসরকারি খাতের কোল্ডস্টোরেজগুলো তাদের পুরো সংরক্ষণক্ষমতাই ব্যবহার করতে পারবে। কিন্তু সাধারণ চাষি কি পারবেন এই সংরক্ষণে তাঁর অংশীদারি রাখতে। পর্যাপ্ত সংরক্ষণক্ষমতার সরকারি হিমাগার থাকলে কোটা ভিত্তিতে সাধারণ আলুচাষিকে সুযোগ দিতে পারত সরকার। চাষি ও সরকারের সমান অংশীদারিতেও আলু রাখা যেত। হিমাগার-মালিক, সম্পন্ন চাষি আর মজুদদারদের ২৪ লাখ টনের বিপরীতে সরকার যদি লাখ পাঁচেক টন আলুও সংরক্ষণ করতে পারত, তবে বাজারে সরকারের প্রভাব থাকত। অনেক পশ্চিমা বাজার গবেষকই একমত যে, মুক্তবাজারে কোনো পণ্যের সরবরাহের অন্তত ২০ শতাংশ নিয়ন্ত্রণ করলেই বাজারে ওই পণ্যটির দামের ওঠানামায় যে কেউ প্রভাব রাখতে পারেন। দাম ব্যাপক পড়ে গেলে ভরা মৌসুমের পর বাজার বুঝে আলু রপ্তানিও করতে পারত সরকার। কিন্তু সেটি বোধহয় এবারও হলো না।