আলুর হাল যেন না হয় পেঁয়াজচাষির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজের ভরমৌসুম এখন। পাবনা ও রাজশাহীর প্রধান প্রধান আবাদ অঞ্চলে পেঁয়াজ তোলার ধুম; ফরিদপুরে পেঁয়াজ ওঠানো শুরু হয়েছে। এ সময়টায় শহরের খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আকারভেদে ২০ থেকে ২৪ টাকা কেজি দরে।গতকাল সকালে কারওয়ান বাজারে পাঁচ কেজির প্রতি পাল্লা দেশি পেঁয়াজের দর ছিল ৮৫ থেকে ৯৫ টাকা আর পাবনার কাশীনাথপুর ও বনগ্রাম মোকামে ৪০ কেজির প্রতি মণ ৫৬০ থেকে ৫৮০ টাকা। মোকামে ১৪ থেকে সাড়ে ১৪ টাকা থাকলেও গ্রামের হাটে কৃষক পেঁয়াজ বিক্রি করছেন ১২ থেকে ১৩ টাকায়।পাবনার পেঁয়াজচাষি আলী আক্কাসের হিসাবে, এবার তাঁর মণপ্রতি চাষের খরচ ৪৭০ টাকা। বিদ্যালয়ের গণ্ডি পেরোনো আক্কাস হিসাব করলেন, জমির আকার ও উর্বরতাভেদের কারণে বিভিন্ন এলাকার চাষিদের গড় খরচ হবে প্রতি মণ ৫০০ টাকা।আগামী এক মাসে দেশি পেঁয়াজের সরবরাহ আরও বেড়ে যেতে পারে বাজারে। আর যদি ভারত থেকে আমদানি বেড়ে যায়, তবে নিশ্চিতভাবেই পেঁয়াজের দাম কমবে বলে জানালেন কারওয়ান বাজারের পেঁয়াজের পাইকার মনসুর ব্যাপারী। মোটামুটি ভালো ফলন হয়েছে এবার পেঁয়াজের। গতবার পেঁয়াজের মৌসুমে মোকামে দর ছিল কম-বেশি প্রতি মণ ৬০০ টাকা। দর ভালো ছিল। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের ফলন মার খাওয়ায় বছরের বেশির ভাগ সময় পেঁয়াজের দর ছিল চড়া। গত মৌসুমের ভালো দর, ভারতীয় পেঁয়াজের উচ্চমূল্য কৃষককে উৎসাহ দিয়েছে এবার বেশি করে পেঁয়াজ বুনতে। আবহাওয়াও অনুকূলে ছিল। ফলে ভালো হয়েছে পেঁয়াজ।তবে যত ভালোই হোক বছরের অর্ধেক চাহিদাও মিটবে না দেশি পেঁয়াজ দিয়ে। মৌসুম ও পরের দু-তিন মাসই কৃষকের দিন। কারণ এ সময়ই কৃষক তাঁর উৎপাদন আর মজুদ ছেড়ে দেন। তবে এ সময়ও ভারতীয় পেঁয়াজ বাজারে থাকে। তাই তা প্রভাব রাখে বাংলাদেশের পেঁয়াজ তার দাম কত পাবে তা নির্ধারণে।পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ নয় বাংলাদেশ। ভরমৌসুমের পর বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ চাহিদা মেটে ভারতের পেঁয়াজ দিয়ে। প্রতিবছরই ভারত থেকে প্রায় ছয়-সাত লাখ টন পেঁয়াজ আমদানি হয় বাংলাদেশে। রপ্তানির পরিমাণগত হিসাবে বাংলাদেশ ভারতীয় পেঁয়াজের এক নম্বর বাজারও। তাই ভারতে পেঁয়াজের মূল্য আর প্রতি মাসে বা প্রতি পক্ষে ভারতের কৃষিপণ্য বাজারজাতকরণ ও রপ্তানিকরণ সহযোগী সরকারি সংস্থা নাফেদের বেঁধে দেওয়া সর্বনিম্ন রপ্তানিমূল্যই বাংলাদেশে পেঁয়াজের দর ওঠানামা করায়।এখন পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দরও প্রতি পাল্লা ৮০ থেকে ৯০ টাকা। ফেব্রুয়ারির শেষে নাফেদ বাংলাদেশে মার্চে রপ্তানির জন্য পেঁয়াজের দর দিয়েছে প্রতি টন ৫৫০ ডলার। মার্চের ১০ তারিখেই তা কমিয়ে আনা হয়েছে ৪৫০ ডলারে। সে হিসেবে বাংলাদেশের বাজারে ভারতীয় পেঁয়াজের দাম আরও অনেক বেশি থাকার কথা।কিন্তু বাংলাদেশের ভরমৌসুমে ভারতীয় রপ্তানিকারকেরা কম-বেশি ছাড় দেন আমদানিকারকদের। ঘাটতি বাবদ অনেক বেশি পেঁয়াজ দেওয়া, বড় মূল্য ছাড় দেওয়াসহ অনেক সুবিধা দিয়ে থাকেন তাঁরা। এমনিতেই নাফেদ রপ্তানি দরটি ২০০ ডলারের নিচেও আনে। তবে গতবার পেঁয়াজ-সংকটের পর দরটি এখন সতর্কভাবেই বেশি রাখা হয়েছে।তবে ভারতেও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তাই সেখানকার কৃষক সমবায় আর রপ্তানিকারকেরা চাইছেন পেঁয়াজ রপ্তানির দর আরও কমিয়ে আনুক সরকার। ভারতের গুজরাট, নাসিক ও ভেলোরিসহ অনেক অঞ্চলের পেঁয়াজ আবাদ, কৃষকের লাভ-অলাভ বাংলাদেশের বাজারের ওপর অনেকটা নির্ভরশীল। বর্তমানে মাত্র ২০ টাকায় এক কেজি দেশি পেঁয়াজ ক্রেতাবান্ধবই বলা যায়। ভরমৌসুমে পেঁয়াজের এ দর নিয়ে ক্রেতার কোনো ক্ষোভ-বিক্ষোভও নেই। তবে ভারতীয় পেঁয়াজের দর যদি আরও পড়ে যায় আর খুচরা বাজারে দেশি পেঁয়াজের দর কেজিপ্রতি ২০ টাকার নিচে নেমে আসে, তবে চাষির কপাল পুড়বে। এ শঙ্কা চাষি ও মোকামের আড়তদার সবার।তাই এই ভরমৌসুমে কৃষকের স্বার্থে পেঁয়াজ আমদানিতে কিছু শুল্ক আরোপ করাই যেতে পারে। মৌসুম শেষে আবার উঠে যাবে শুল্ক। এ ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় দ্রুত, যেমন নেয় নাফেদ।