আজ থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের তিন দিনব্যাপী সম্মেলন। চলবে ১৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত। এটি অষ্টম সম্মেলন। কোনো ঘোষণা ছাড়াই এবারের সম্মেলন শেষ হবে বিধায় এটাকে ঘিরে তেমন কোনো উত্তাপ নেই বললেই চলে।সদ্য বিদায়ী বাণিজ্যমন্ত্রী (বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল যোগ দিচ্ছে এ সম্মেলনে। ফারুক খানের মন্ত্রণালয় পরিবর্তন হলেও সম্মেলন সামনে রেখে সরকারি যোগাযোগের ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তিনিই যোগ দিচ্ছেন এতে।সম্মেলনসূচি: আজ ১৫ ডিসেম্বর বেলা তিনটায় সম্মেলন উদ্বোধনের পরই প্লিনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। পরদিন ১৬ ডিসেম্বর সকাল-বিকাল মিলিয়ে দুটি প্লিনারি অধিবেশন ও একটি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। এ দিন ডব্লিউটিওর নতুন সদস্য রাশিয়াকে স্বাগত জানাতে তিন ঘণ্টার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ দিন ১৭ ডিসেম্বর দুটি প্লিনারি অধিবেশন, দুটি কার্য-অধিবেশন এবং সামোয়া ও ভানুয়াতুকে স্বাগত জানিয়ে দুটি আলাদা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ দিনই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঘণ্টাব্যাপী সমাপনী অনুষ্ঠান। প্লিনারি অধিবেশনে বাংলাদেশের মন্ত্রীসহ সব দেশের বাণিজ্যমন্ত্রীরা নিজ নিজ দেশের স্বার্থ-সম্পর্কিত তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। আর কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রীরা আলোচনা করবেন বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার গুরুত্ব ও ডব্লিউটিও, বাণিজ্য ও উন্নয়ন এবং দোহা উন্নয়নপর্ব নিয়ে।শেষ দিন মেধাস্বত্ব, ই-কমার্স, ক্ষুদ্র অর্থনীতি, এলডিসি সদস্য দেশ থেকে উন্নত দেশে সহজ নিরাপদ চলাচল, এলডিসিদের জন্য ডব্লিউটিওর সদস্য হিসেবে সহজ অন্তর্ভুক্তি, বাণিজ্য তদারকি, খাদ্য-নিরাপত্তা ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পাবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশের অবস্থান: এবারের সম্মেলনে নিজের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধার ব্যাপারে সোচ্চার থাকার পাশাপাশি অন্য এলডিসির দাবির ব্যাপারেও জোরালো বক্তব্য দেবে বাংলাদেশ। এর মধ্যে অন্যতম হলো: সেবা খাতে স্বল্পোন্নত দেশগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া অর্থাৎ এলডিসি থেকে উন্নত দেশে দক্ষ ও আধাদক্ষ শ্রমিক রপ্তানি এবং স্বল্পোন্নত দেশের খাদ্য আমদানির ওপর উন্নত দেশ কর্তৃক রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ না করা। উন্নত দেশগুলো যাতে তুলা উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে বর্তমানে দেওয়া ভর্তুকির পরিমাণ কমিয়ে আনে, সেই দাবিও উত্থাপন করা হবে সম্মেলনে। দোহা উন্নয়নপর্বের আলোচনার অগ্রগতি না হওয়ায় উদ্বেগও জানাবে বাংলাদেশ। এ ছাড়া শুল্ক ও কোটামুক্ত বাজারসুবিধা, বাণিজ্যের জন্য সাহায্য, বিশেষ ও পৃথক ব্যবস্থা (এসঅ্যান্ডডিটি) এবং সেবা খাতে ছাড় বিষয়ে স্বল্পোন্নত দেশের অভিন্ন অবস্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। একই দিনে সার্ক দেশের বাণিজ্যমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে এলডিসি নয় এমন দেশ যাতে এলডিসির চেয়ে অধিক সুবিধা না পায়, সে বিষয়ে একটি সমন্বিত ও যৌক্তিক সমাধান নির্ধারণের ঘোষণা আসতে পারে। যোগাযোগ করলে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যতম সদস্য ও সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মেধাস্বত্বের ছাড়সংক্রান্ত বিষয়টি ২০১৩ থেকে বাড়িয়ে ২০২১ সালে নিয়ে যাওয়া, সেবা খাতে ছাড় বাস্তবায়ন করা, হংকং সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী শুল্ক ও কোটামুক্ত রপ্তানি প্রবেশাধিকার এবং এলডিসিভুক্ত দেশের জন্য প্রস্তাবিত সুবিধা বাস্তবায়ন করা হবে এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম চাওয়া। তিনি এ-ও বলেন, ‘দোহা উন্নয়নপর্বের সমাপ্তি হবে না বলে এবারের সম্মেলনে কোনো ঘোষণা আসবে না। তিন দিনের আলোচনা শেষে চেয়ারম্যান শুধু একটি সংক্ষিপ্তসার তৈরি করবেন।’