আলোচনায় বসেছে জি-২০ দেশের অর্থমন্ত্রীরা
ইউরো জোনের ঋণসংকট নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে প্যারিসে বৈঠকে বসেছে জি-২০ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা। ইউরো জোনের বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রাতহবিলের (আইএমএফ) সহায়তা তহবিলের আকার বাড়ানো যুক্তিসংগত কি না, সে ব্যাপারে আলোচনা হবে এই বৈঠকে।এ দিকে গত শুক্রবার ইউরো জোনের ঋণসংকট নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জার্মান চ্যান্সেলর অ্যাংগেলা মেরকেল।মার্কিন কর্মকর্তারা বলছেন, বারাক ওবামা ইউরো জোনের সংকট নিয়ে মার্কিন অর্থনীতিতে সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন। এ ছাড়া আগামী মাসে কানে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন তিনি।আজকের বৈঠকে গ্রিসের সংকটের ব্যাপারে আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এই প্রভাব স্পেন ও ইতালির ওপর পড়তে পারে এমনটিও আশঙ্কা করা হচ্ছে।জি-২০-এর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউরোপীয় জোনের ৩৫০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের ব্যাপারে একটি প্রস্তাব আনা হতে পারে।মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনার বলেন, আইএমএফ ও ইইউয়ের কাছে যথেষ্ট তহবিল রয়েছে। তিনি বলেন, ‘বিশ্বের দিকে তাকালে দেখা যায়, আইএমএফের কাছে সুদৃঢ়, প্রতিশ্রুতিবদ্ধ ও গ্রহণযোগ্য আর্থিক সম্পদ রয়েছে।’ তবে ইউরোপে যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও ইউরোপজুড়ে যে সমস্যা বিরাজ করছে, তা সমাধান করা খুবই কঠিন বলেও সতর্ক করেছেন তিনি। বিবিসি।