আলোচনায় সমাধানের আশা বাণিজ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) আইএলও কনভেনশন অনুযায়ী ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কোনো সমস্যা হবে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে সমাধান বের করা যাবে বলে মন্তব্য করেন তিনি।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে ইইউর পার্লামেন্টের একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ইপিজেড এলাকায় ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে। তাদের দর-কষাকষির ক্ষমতা আছে।
সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এ ছাড়া ইইউ বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার।

গত সোমবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে সফররত ইইউর পার্লামেন্টের প্রতিনিধিদলটি ইপিজেডে শ্রম আইন বাস্তবায়ন করতে বলে। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা নিশ্চিত ও নিবন্ধন-প্রক্রিয়া সহজ করতে শ্রম আইন সংশোধনেরও তাগিদ দিয়েছেন তাঁরা। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও এই বিষয়গুলো আলোচনা হয়।

তোফায়েল আহমেদ বৈঠক সম্পর্কে বলেন, তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। তারাও খুব সন্তুষ্ট হয়েছেন। আলোচনায় তৈরি পোশাক পণ্যের দাম বাড়ানোর ব্যবস্থা নিতে ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদলের কাছে অনুরোধ জানান মন্ত্রী। এ সময় ইইউ প্রতিনিধিদলের প্রধান আর্নে লেইতজ বলেন, তাঁদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।

এরপর চার সদস্যের প্রতিনিধিদলটি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানেও ঘুরেফিরে এ বিষয়গুলো আলোচনা হয়।