আশা দেবে ১২ কোটি টাকার খাদ্যসহায়তা

বেসরকারি সংস্থা আশা করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের দেওয়ার জন্য ৮০ টন খাদ্য (পাঁচ হাজার ব্যাগ) দিয়েছে। আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে এ খাদ্য সরবরাহ করা হয়েছে। আশা আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ব্যাগে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের কাছে এসব খাদ্য হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশার উপদেষ্টা সুশীল রায়, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তৌফিকুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ উপদেষ্টা শেখ মোজাহার উদ্দীন প্রমুখ।
করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে সারা দেশে ক্ষতিগ্রস্ত দেড় লাখ দরিদ্র পরিবারকে আশা ১২ কোটি টাকার খাদ্যসহায়তা দিচ্ছে বলে জানানো হয়। এরই অংশ হিসেবে প্রথম দফায় দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্যসহায়তা। একই ধরনের খাদ্যসহায়তা শিগগির ঢাকা উত্তর সিটি করপোরেশনকেও দেবে আশা।
করোনা সংক্রমণ ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ১০ লাখ লিফলেট বিতরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।